শাহবাগে অভিযানে ওয়াকিটকি, হাতকড়া ও ‘ডিবি’ লেখা জ্যাকেট উদ্ধার। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও ‘ডিবি’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৩৯), মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, শাহবাগ থানাধীন বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং দুটি ‘ডিবি’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে।
পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
