বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের জন্য আসছে বড় সুখবর

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনকে যোগদানের অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে আগামী ১ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। একই সঙ্গে যোগদানের পর দ্রুত পদায়ন নিয়েও তৈরি হয়েছে আশাবাদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের দুজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আদেশ অধিদপ্তরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

অধিদপ্তরের ওই কর্মকর্তা আরও জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে যোগদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আশা করা হচ্ছে, ১ অক্টোবরের মধ্যেই সব সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক যোগদানপত্র হাতে পাবেন। এরপর তাদের পদায়নের কার্যক্রম শুরু হবে।

প্রশিক্ষণের আগে ক্লাসে নয় নতুন শিক্ষকরা যোগদানের পর নতুন সহকারী শিক্ষকদের পদায়ন করা হলেও প্রশিক্ষণ শেষ হওয়ার আগে তাদের শ্রেণিকক্ষে পাঠানো হবে না। যোগদানের পরপরই তাদের প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ সম্পন্ন করার পরই তারা নিয়মিতভাবে ক্লাস নেওয়ার সুযোগ পাবেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশিক্ষণ শিক্ষকদের চাকরির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই পদায়নের সঙ্গে সঙ্গে তাদের প্রশিক্ষণ শুরু করা উচিত।

তিনি জানান, নতুন সহকারী শিক্ষকদের দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিতে পারবেন। এর আগে তাদের শ্রেণিকক্ষে পাঠানো হবে না এবং সেটিই যথাযথ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।