মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুর জেলা প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে খনির ভেতরে গ্যাস পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরদিন মঙ্গলবার সকালে ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও খনি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুই স্থানীয় সহকর্মীকে সঙ্গে নিয়ে খনির ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে যান সিং সিয়াওজুন। দুই সহকর্মী অন্য স্থানে গ্যাস পরিমাপ করতে গেলে তিনি ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরদিন সকাল সাতটায় শিফটের দায়িত্ব শেষ হলেও সিং সিয়াওজুন ভূগর্ভ থেকে ফিরে না আসায় সহকর্মীরা সারফেস কন্ট্রোল রুমে বিষয়টি জানান। পরে খনির উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিং সিয়াওজুন খনির ভেন্টিলেটর সাইডে কর্মরত ছিলেন। তার মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের নিজস্ব দপ্তর ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কনসোর্টিয়াম তাদের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী মরদেহের সৎকারের ব্যবস্থা করবে বলে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আবেদন পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।