মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় পুলিশ পরিদর্শকের ৭ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম (৫০) ও মামলার বাদী তাঁর স্ত্রী তানিয়া আফরিন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হরিধানী প্রতাপপুর গ্রামের আফছার আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ মার্চ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ঠিকাদার আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তখন রফিকুল কালীগঞ্জ থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বিয়েতে তিন লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ এবং বিয়ের পর আরও পাঁচ লাখ টাকা যৌতুক নেন রফিকুল।

পদোন্নতি পেয়ে ২০২০ সালে বরগুনার তালতলী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন রফিকুল। তখন তাঁদের বাসা ছিল ঢাকার উত্তরায়। ওই বছরের ১০ ডিসেম্বর আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী তানিয়াকে নির্যাতনের পর পরিবারের সদস্যদের সহায়তায় বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। একই বছরের ২৫ ডিসেম্বর পূর্ব নারায়ণপুরে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করে চলে যান রফিকুল। পরে তানিয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০২১ সালের ১০ জানুয়ারি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তানিয়া। মামলায় স্বামী রফিকুল ইসলাম, শাশুড়ি রাহেলা খাতুন, দেবর সাইফুল ও সাইফুলের স্ত্রী নাহারকে আসামি করা হয়।

মামলার পর আদালত রফিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এক মাস ১৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। এ সময় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তী সময়ে মামলাটির বিচার শুরু হয়। আদালত মামলার নথি এবং তিনজন সাক্ষীর জবানবন্দি ও জেরা পর্যালোচনা করে রফিকুলের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর আশরাফ ও জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জহুরুল হক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।

অ্যাডভোকেট আলমগীর আশরাফ বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের কারাদণ্ডের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে তানিয়া আফরিন বলেন, পুলিশ শুধু অন্যের দোষ দেখে। তারাও যে অপরাধ করে, আজকের রায়ে তা প্রমাণিত হয়েছে। উচ্চ আদালতে এ রায় বহাল থাকলে তিনি আরও খুশি হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।