বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

তাসফিয়া আহমেদ তিশা। ফাইল ছবি

রাজধানীর বনশ্রীতে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া আহমেদ তিসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তবে তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহন ও অপর একটি বাসের মাঝখানে চাপা পড়ে তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে রমজান পরিবহনসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একই সঙ্গে উভয় বাসের চালক ও সহকারীদের আটক করা হয়েছে।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বাসা থেকে মোটরসাইকেলে করে গন্তব্যের উদ্দেশে বের হয়েছিলেন তার বোন। পথিমধ্যে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে সড়কে ছিটকে পড়ে যান তিনি। এ সময় দুই বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনশ্রীর স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, আগামীকাল তাসপিয়া আহমেদের কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। এর আগেই বুধবার সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনের সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনদের বিষয়টি জানান।

এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।