বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

গাজীপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে কারিগরি ও কর্মসংস্থানমুখী শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধার কার্যকর ব্যবহার, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং গবেষণাভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বুধবার গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, বাউবির শিক্ষার গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও বর্তমান কার্যক্রম পুনর্মূল্যায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, বাউবির উদ্দেশ্য শুধু সনদ দেওয়া নয়, বরং শিক্ষার সুযোগবঞ্চিত মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাঁদের জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

সকালে পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাউবির বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নয়জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থীকে তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।