শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকায় রাজউক পরিদর্শক মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, মোবাইল কোর্টের হুমকির আড়ালে বহাল অনিয়ম

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণে সমঝোতার অভিযোগ, উচ্ছেদের ভয় দেখিয়ে ভবন মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের তথ্য ফাঁস। দুদকে যাচ্ছে একাধিক ভুক্তভোগী। ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকায় রাজউকের অনুমোদিত নকশা ও প্রচলিত নির্মাণবিধি উপেক্ষা করে একের পর এক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ঘনবসতিপূর্ণ ও অপ্রশস্ত সড়কের পাশে এসব ভবন নির্মিত হলেও কার্যকর তদারকি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে রাজউক জোন-৭-এর ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে নকশাবহির্ভূত নির্মাণকাজ চলমান রাখার সুযোগ করে দেওয়া এবং ভবনের ত্রুটি ও উচ্ছেদের ভয় দেখিয়ে এক ভবন মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার গুরুতর অভিযোগ সামনে এসেছে।

অভিযোগ রয়েছে, অনিয়মের বিষয়টি সামনে এলেও সংশ্লিষ্ট পরিদর্শকের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং মোবাইল কোর্ট পরিচালনার হুমকি ও মাঠপর্যায়ের তদারকির মধ্যেই পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিতর্কিত নির্মাণকাজ অব্যাহত রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ভবন মালিকদের কয়েকজন দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে রাজউকের মাঠপর্যায়ের তদারকি, কর্মকর্তাদের ভূমিকা এবং কথিত ঘুষ লেনদেন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

নয়াবাজারে নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ

সরেজমিনে দেখা যায়, নয়াবাজার থেকে বাবুবাজার ব্রিজের দিকে যাওয়ার পথে হাতের বাম পাশে ৩০ জিন্দাবাদ প্রথম লেন, চৌধুরী মার্কেট, নয়াবাজার এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। ঘনবসতিপূর্ণ ও সরু রাস্তার এই এলাকায় ভবনটির নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও নানা প্রশ্ন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভবনটি নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদিত নকশা, নির্মাণ অনুমতি এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অথচ নির্মাণকাজ চলমান থাকলেও কার্যকর তদারকি কিংবা নিয়মিত পরিদর্শনের দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না।

আরও অভিযোগ রয়েছে, রাজউক জোন-৭-এর ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদকে অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করেই ভবনটির নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, ভবন মালিকের সঙ্গে সংশ্লিষ্ট পরিদর্শকের যোগাযোগ রয়েছে। এ কারণেই অনিয়মের অভিযোগ ওঠার পরও নির্মাণকাজ বন্ধ হচ্ছে না বলে তাঁদের ধারণা।

এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট পরিদর্শক আল নাঈম মুরাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভবনটির অনিয়মের বিষয়টি স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান বলে জানা গেছে।

পুরান ঢাজুড়ে একাধিক ভবন ঘিরে প্রশ্ন

নয়াবাজারের ভবনটির বাইরেও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক নির্মাণাধীন ভবন ও স্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

গেন্ডারিয়ার সতিশ সরকার রোডের ৩৩/১৩/এ নম্বর ভবনটি নিয়ে অভিযোগ, বৈধ নকশা অনুমোদন ছাড়াই সেখানে নির্মাণকাজ চলছে। পাশাপাশি নির্ধারিত খোলা জায়গা রাখা এবং নির্মাণস্থলে অনুমোদিত নকশা প্রদর্শনের বিধানও যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

দোলাইখালের ৯০ নাসির উদ্দিন সরদার লেনের একটি ভবন নিয়েও একই ধরনের প্রশ্ন উঠেছে। ভবনটির নির্মাণকাজ রাজউকের নিয়ম মেনে হচ্ছে কি না, অনুমোদিত নকশা রয়েছে কি না এবং বাস্তব নির্মাণের সঙ্গে অনুমোদিত নকশার সামঞ্জস্য আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় রয়েছে।

এ ছাড়া সতিশ সরকার রোডের ৩০/কে নম্বরের হাজী আব্দুল কাদের মোল্লা টাওয়ার এবং ডিস্টিলারি রোডের ৮৮/এ/২ নম্বর ভবন নিয়েও অভিযোগ রয়েছে। এসব স্থানে অত্যন্ত সরু রাস্তার পাশে বহুতল ভবন নির্মাণ এবং অনুমোদিত নকশা না থাকার বিষয়টি আলোচনায় এসেছে।

একইভাবে গেন্ডারিয়ার ৪৬ রজনী চৌধুরী রোড, ৫০ এস কে দাস রোড, ফরাসগঞ্জ, দ্বীননাথ সেন রোড ও মীরহাজীবাগের কয়েকটি ভবন নিয়েও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় কোনো কোনো ভবনে অনুমোদিত নকশা পরিবর্তন, রাস্তার প্রস্থ অনুযায়ী নির্মাণের বিধিনিষেধ অমান্য, প্রয়োজনীয় খোলা জায়গা না রাখা এবং আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণের ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে অনুমোদিত নকশা ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগও রয়েছে। এসব বিষয়ে রাজউকের পক্ষ থেকে নোটিশ জারির পর বাস্তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

উচ্ছেদের ভয় দেখিয়ে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে এক ভবন মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ওই ভবন মালিকের অভিযোগ, ভবনের বিভিন্ন ত্রুটি দেখিয়ে এবং উচ্ছেদের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে এই অর্থ নেওয়া হয়েছে।

তবে অর্থ গ্রহণের সঙ্গে ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদ সরাসরি জড়িত কি না, কিংবা এর পেছনে অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগটির সত্যতা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

পরবর্তীতে এসব অভিযোগের বিষয়ে আল নাঈম মুরাদের বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজউকের বক্তব্য: অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা

অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজউক জোন-৭ ও ৭/১-এর অথরাইজড কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হলাম। ইমারত নির্মাণে বিধিবিধানের ব্যত্যয় রোধে রাজউক বদ্ধপরিকর। সংশ্লিষ্ট এলাকায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ইমারত পরিদর্শকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নির্মাণবিধি উপেক্ষায় বাড়ছে জননিরাপত্তার ঝুঁকি

নগর পরিকল্পনা ও ভবন নির্মাণবিধি অনুযায়ী, কোনো ভবনের অনুমোদন থাকলেই নির্মাণকাজ স্বয়ংক্রিয়ভাবে বৈধ হয়ে যায় না। নির্মাণের প্রতিটি পর্যায়ে অনুমোদিত নকশা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে রাস্তার প্রস্থ, ভবনের উচ্চতা, সেটব্যাক, প্রয়োজনীয় খোলা জায়গা, ভূমি ব্যবহার, অগ্নিনিরাপত্তা ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার মতো এলাকায় এসব বিধিবিধান উপেক্ষা করা হলে অগ্নিকাণ্ড, ভূমিকম্প কিংবা অন্য কোনো দুর্ঘটনায় ভয়াবহ জননিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

এ অবস্থায় ৩০ জিন্দাবাদ প্রথম লেনের নির্মাণাধীন ভবনসহ অভিযোগ ওঠা প্রতিটি স্থাপনার অনুমোদিত নকশা, নির্মাণ অনুমতি, ভূমি ব্যবহারের ছাড়পত্র, রাজউকের নোটিশ এবং মাঠপর্যায়ের বাস্তব অবস্থা যাচাই করা প্রয়োজন।

একই সঙ্গে ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনিয়মকে প্রশ্রয় দেওয়া এবং ভবন মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্মকর্তার পরিদর্শন প্রতিবেদন, নোটিশ জারির পর গৃহীত ব্যবস্থা এবং নির্মাণকাজ বন্ধ বা সংশোধনের কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।

দুদকে যাচ্ছেন ভুক্তভোগী ভবন মালিকরা

এদিকে, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন ভবন মালিক দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অভিযোগে কথিত অর্থ লেনদেন, উচ্ছেদের ভয় দেখানো, নকশাবহির্ভূত নির্মাণকাজ চলমান রাখার সুযোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরার প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর প্রশ্ন—নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ থাকা সত্ত্বেও এসব ভবনের কাজ কীভাবে অব্যাহত রয়েছে? দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনিয়মকে প্রশ্রয় দেওয়ার অভিযোগের সত্যতা কতটুকু? এক ভবন মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগের পেছনে কারা জড়িত? রাজউকের নোটিশ ও তদারকি কার্যক্রমের পরও কেন দৃশ্যমান পরিবর্তন আসছে না?

এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে রাজউকের নিজস্ব তদন্তের পাশাপাশি দুদকের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুরান ঢাকার নগর নিরাপত্তা, পরিকল্পিত উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় রাজউকের মাঠপর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

দুদকে অভিযোগ, তদন্তের অপেক্ষায় পুরান ঢাকার ভবন নির্মাণ ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ। কোন ভবনের নেপথ্যে কারা, কথিত অর্থ লেনদেনের সঙ্গে কারা জড়িত এবং রাজউকের তদারকি ব্যবস্থায় কোথায় দুর্বলতা—তা নিয়ে থাকছে পরবর্তী পর্বে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন।

চলবে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ