শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের’ নামে ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা, ৪১ ব্যাংকের সিএসআর তহবিল নিয়ে চাঞ্চল্য। শেখ হাসিনা ও শেখ রেহানা। ফাইল ছবি

দেশের ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্য আসামি হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সচিব সাইদুর রহমান খান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

৪১ ব্যাংকের সিএসআর তহবিল ঘিরে অভিযোগ

ব্রিফিংয়ে দুদক সচিব বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুকূলে তহবিল সংগ্রহ করে অবৈধভাবে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ‘পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে’ দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুকূলে সংগ্রহ করেন।

এ বিপুল অর্থ কীভাবে সংগ্রহ করা হয়েছিল, কোন প্রক্রিয়ায় তা ট্রাস্টের অনুকূলে দেওয়া হয় এবং এতে সংশ্লিষ্টদের ভূমিকা কী ছিল—মামলার তদন্তে এসব বিষয়ই এখন খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে মামলায় উত্থাপিত অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্তের পর অভিযোগের প্রকৃত চিত্র এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব স্পষ্ট হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।