রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের সরাসরি প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংসদে ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি কারাগারে যাওয়ার পর মাদক কারবারের ‘দায়িত্ব’ এখন কার হাতে—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিষয়টি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে উত্থাপন করেন।

শনিবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর বলেন, “দেশে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে। আগে শুনতাম বদি। এখন তো বদি নেই। এখন ওখানকার ‘দায়িত্বটা’ কে নিয়েছে? বাড়ির আশপাশের লোক তো স্বরাষ্ট্রমন্ত্রীর চেনার কথা।

উল্লেখ্য, আবদুর রহমান বদি ছিলেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য। আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গয়েশ্বর আরও বলেন, “কক্সবাজার-টেকনাফ সীমান্ত দিয়েই সবচেয়ে বেশি মাদক দেশে প্রবেশ করে। এতদিনে ওই রুট দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। শুধু আইন করলেই হবে না—আইন কার্যকর করতে প্রয়োজন সাহস, সততা ও রাজনৈতিক সদিচ্ছা।

দেশের অন্যতম বড় সংকট হিসেবে মাদককে উল্লেখ করে তিনি নিজের নির্বাচনী এলাকার একটি হাসপাতালের উদাহরণ টেনে বলেন, “আমার এলাকায় ১০ শয্যার একটি হাসপাতাল আছে। সেখানে হাসপাতালের সাইনবোর্ড থাকলেও বাস্তবে সেটি পুরোপুরি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে রোগী নেই, ডাক্তার নেই, এমনকি দারোয়ানও নেই।

দুর্নীতি নিয়েও কড়া মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তা না হলে দুর্নীতির চাপে জাতি তলিয়ে যাবে।

এ সময় সংসদ সদস্যদের জন্য ওয়াশিং মেশিনের দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন এমপি ওয়াশিং মেশিন দাবি করেছেন। আমি ওয়াশিং মেশিনের নাম শুনেছি, কিন্তু দেখিনি, ব্যবহারও করিনি। সংসদ সদস্যকে বলব, প্রয়োজন হলে স্পিকারের কাছে চান। আমার দরকার নেই। সংসদ দিলেও নেব না। যদি সংসদ সদস্যদের সবচেয়ে বড় অভাব ওয়াশিং মেশিন হয়, তাহলে দেশের সাধারণ মানুষের অভাব যে কত বড়—সেদিকেও নজর দেওয়া উচিত। তাহলেই বোঝা যাবে, বড় বাজেট আর অর্থবহ বাজেট এক জিনিস নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।