পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা। ফাইল ছবি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিয়মিত ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে নতুন একটি মিডিয়া সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকতার নামে নানা বিভ্রান্তি ও বিচ্ছিন্নতার বাইরে গিয়ে প্রকৃত পেশাজীবী সাংবাদিকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানিয়েছেন সাংবাদিক মো. জালাল উদ্দীন খান।
জানা গেছে, প্রস্তাবিত সংগঠনে মূলত যারা নিয়মিত ও পেশাদারভাবে সাংবাদিকতা করছেন, তাদেরই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদেরও সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত করা হবে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, নতুন এ প্ল্যাটফর্মের মাধ্যমে মিরপুরের সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
সাংবাদিক মো. জালাল উদ্দীন খান বলেন, প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে একটি সুন্দর, নিরপেক্ষ ও শক্তিশালী মিডিয়া সংগঠন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই সংগঠনের নাম, কাঠামো, সদস্যপদসহ বিস্তারিত তথ্য ও পরবর্তী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
