স্পেনে জনসমক্ষে চুম্বন নিত্যদিনের দৃশ্য। তবে ভালোবাসার এই প্রকাশের নেপথ্যে রয়েছে দমন ও পাল্টা বিদ্রোহের এক ইতিহাস। স্পেনের সর্বত্রই যেন চুম্বনের উপস্থিতি। পরিচিত কারও সঙ্গে দেখা হলে দু’গালে দুটি চুমু দেওয়ার প্রথা তো রয়েছেই, এর পাশাপাশি রয়েছে রোমান্টিক চুম্বন। ব্যস্ত মহাসড়কে থেমে মধ্যবয়সী দম্পতিকে গভীর প্রেমে মগ্ন হতে দেখে দাঁড়াতে বাধ্য হয়েছি, রোদেলা পার্কে তরুণ-তরুণীদের চুম্বন দেখে নস্টালজিয়ায় ভুগেছি। আর ভ্যালেন্সিয়ার ‘লাস ফালাস’ উৎসবে আতশবাজির আলোর নিচে মদ্যপ তরুণ-তরুণীর প্রণয়লীলা কাটিয়ে আমাকে পথ চলতে হয়েছে। এমনকি আমার হিসাবরক্ষকও তার ইমেইলের শেষে লিখেন ‘ভালোবাসাসহ চুমু’।
স্পেনে ছয় বছরেরও বেশি বসবাস করার পর জনসমক্ষে এই আবেগ প্রকাশের দৃশ্যে অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু জাপান ভ্রমণ শেষে আমার এক বন্ধু যখন ভ্যালেন্সিয়ায় ফিরে এল, তখন বিষয়টি তার চোখে ধরা পড়ে। ট্রেন স্টেশন থেকে বেরই সে দেখতে পায়, বেঞ্চে এক দম্পতি একে অপরকে জড়িয়ে চুমু খাচ্ছে। জনসমক্ষে আবেগ প্রকাশের প্রথা একেবারেই কম—এমন একটি দেশ ঘুরে আসার পর দৃশ্যটি তাকে গভীর স্বস্তি দেয়।
ঘটনাটি আমাকে ভাবতে বাধ্য করে, স্পেন কি সত্যিই চুম্বনের দেশ? আর জনসমক্ষে এই স্নেহ বা আবেগ প্রদর্শনের সংস্কৃতি কী বার্তা দেয়?
একটি ব্যাখ্যা লুকিয়ে থাকতে পারে স্প্যানিশদের পাবলিক স্পেস ব্যবহারের অভ্যাসে। দেশের অধিকাংশ অঞ্চলে মানুষের দৈনন্দিন জীবন কাটে ঘরের বাইরে—ব্যস্ত রাস্তায়, ক্যাফেতে কিংবা পার্কে।
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নতুন কারও সঙ্গে সাক্ষাতের সময় শারীরিক দূরত্ব বা ‘পার্সোনাল স্পেস’ বজায় রাখার ক্ষেত্রে স্পেন এমন একটি দেশ যেখানে সবচেয়ে কম দূরত্বের প্রয়োজন হয়। এমনকি তাদের ভূমধ্যসাগরীয় প্রতিবেশী গ্রিস, ইতালি ও পর্তুগালের চেয়েও কম। এই প্রবণতা ফুটে ওঠে স্পেনের জমজমাট প্লাজাগুলোতে, যেখানে বন্ধুরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বসে বিয়ারে চুমুক দেয়।
মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক আম্পারো লাসেন বলেন, উত্তর ইউরোপীয়দের তুলনায় স্পেনের মানুষ শারীরিক আবেগ প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি স্পষ্ট। তিনি বলেন, ‘নরডিক দেশ কিংবা ইংল্যান্ডের সঙ্গে তুলনা করলে এই পার্থক্য স্পষ্ট বোঝা যায়।
হয়তো বিষয়টি এমন নয় যে, স্প্যানিশরা অন্য দেশের মানুষের চেয়ে বেশি প্রেম-প্রবণ, তবে তারা এটি প্রকাশ্যে দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই এখানে জনসমক্ষে চুম্বন কোনো রোমান্টিক নাটকীয়তা নয়, কেবলই দৈনন্দিন জীবনের এক সাধারণ ও স্বাভাবিকতার অংশ।

মানুষের থাকার ব্যবস্থাও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। স্পেনে প্রায় ৬৫ শতাংশ মানুষ ফ্ল্যাটে বাস করে, যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মধ্যে সর্বাধিক। অন্যদিকে আকাশচুম্বী দামের কারণে তরুণদের পক্ষে পারিবারিক বাড়ি ছেড়ে আলাদা বাড়ি নিয়ে থাকা দিন দিন কঠিন হয়ে পড়েছে।
অধ্যাপক লাসেন ইঙ্গিত করেন, বাড়িতে ব্যক্তিগত স্থান বা প্রাইভেসির অভাব ঘনিষ্ঠ মুহূর্তগুলোকে জনপরিসরে নিয়ে এসেছে। তিনি বলেন, ‘আমাদের আবাসন সংকট রয়েছে, যার অর্থ হলো আমরা বাড়িতে সময় কাটানোর চেয়ে বাইরে পানশালা বা রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে দেখা করতে বেশি অভ্যস্ত।’ তিনি যোগ করেন, দম্পতিদের এখন একটু নিরিবিলি একা সময় কাটানোর জন্য একটি নির্জন বেঞ্চ খুঁজে নিতে হয় বা অন্তত কিছুটা আড়ালে যাওয়ার চেষ্টা করতে হয়।
তবে প্রকাশ্য চুম্বনের মূল কারণ কেবল আবাসন সংকট নয় বলে মনে করেন লাসেন। তার মতে, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- এ বিষয়ে দেশটির শিথিল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ‘কেউ যদি আপনার দিকে বাঁকা চোখে না তাকায় বা আপনি যদি সেটিকে পাত্তা না দেন, তবে জনসমক্ষে এই ধরনের আবেগ প্রকাশ করা অনেক সহজ হয়ে যায়’-বলেন অধ্যাপক লাসেন।
২৮ বছর বয়সী ইসাবেল নিয়েতো তুস অনেকদিন বিদেশে থাকার পর তিন বছর আগে স্পেনে ফিরে বাবা-মায়ের সঙ্গে বসবাস শুরু করেছেন। তিনি জানেন, পর্যাপ্ত প্রাইভেসি ছাড়া ডেটিং করা কতটা অস্বস্তিকর। ‘আমি বাবা-মাকে বলতে চাইনি যে কারও বাড়িতে রাত কাটাচ্ছি। কারণ বিষয়টি বিব্রতকর। তাই বলতাম, বন্ধুর বাড়িতে থাকছি’-বলেন ইসাবেল।
জাপান, ফ্রান্স, জার্মানি ও তিউনিসিয়ায় দীর্ঘ দিন কাটিয়ে ফেরা ইসাবেল তুসর মতে, স্পেনে ডেটিংয়ের সংস্কৃতি একেবারেই ভিন্ন। এখানে এক ধরনের উষ্ণতা কাজ করে।
মানুষ খুব দ্রুত একে অপরের কাছে চলে আসে এবং স্পর্শকাতর হয়ে ওঠে। হয়তো সেটি এক-দুবার দেখা হওয়া একটি সম্পর্ক’- বলেন তিনি। ইসাবেল যোগ করেন, ‘আমার মনে হয় জনসমক্ষে চুম্বন করাকে এখানে বেশ স্বাভাবিকভাবেই নেওয়া হয়। ঘরের ভেতর ও বাইরের আচরণের মধ্যে কৃত্রিম কোনো দেয়াল নেই।
আজকের স্পেনে জনসমক্ষে আবেগ প্রকাশ সাধারণ দৃশ্য হলেও, অতীতে তেমনটা ছিল না। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের সময় (১৯৩৯-১৯৭৫) কট্টর ক্যাথলিক মূল্যবোধ এবং বিধিনিষেধমূলক আইনের মাধ্যমে সাধারণ মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা হতো, জনসমক্ষে ভালোবাসা প্রকাশ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হতো। এমনকি প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য জরিমানাও করা হতো।
১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে সাংস্কৃতিক রূপান্তর ঘটে। মাদ্রিদে ‘লা মোভিদা মাদ্রিলেঞা’ নামে প্রাণবন্ত ও পাল্টা এক সাংস্কৃতিক আন্দোলন স্বাধীনতা এবং আত্মপ্রকাশের জয়গান গায়। পেদ্রো আলমোদোভারের মতো চলচ্চিত্র নির্মাতারা অতীতের রক্ষণশীল মূল্যবোধকে চ্যালেঞ্জ জানান। এই আন্দোলন যত বিকশিত হতে থাকে, জনজীবনে আবেগ ও যৌনতার প্রকাশ তত দৃশ্যমান হয়ে ওঠে।
তবে এই যুগান্তকারী পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে আসেনি। এলজিবিটি অধিকারকর্মীরা দশকের পর দশক প্রতিবাদ জানিয়েছেন। ঐতিহাসিক এক ঘটনা ঘটে ১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি। তার আগের বছর মাদ্রিদের ‘পুয়ের্তা দেল সোলে’ প্রকাশ্যে চুম্বন করার অপরাধে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ‘পাবলিক স্ক্যান্ডাল’ আইনে তাদের দুই দিন পুলিশ হেফাজতে রাখা হয়।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় অধিকারকর্মীরা একটি গণ-চুম্বন কর্মসূচির আয়োজন করেন, যার মধ্যদিয়ে বিষয়টি ব্যাপকভাবে জনসম্মুখে চলে আসে। সেই থেকে ১৯৯০ দশক পর্যন্ত মাদ্রিদের প্রতিটি ‘প্রাইড মার্চ’ শেষ হয় পুয়ের্তা দেল সোলে দলবদ্ধ চুম্বনের মাধ্যমে। রাস্তায় প্রকাশ্যে চুম্বন করা যেন শক্তিশালী ও শান্তিপূর্ণ প্রতিবাদের হাতিয়ারে পরিণত হয়, যার ধারাবাহিকতায় ১৯৮৮ সালে ‘পাবলিক স্ক্যান্ডাল’ বা জনসমক্ষে কেলেঙ্কারী সংক্রান্ত আইনটি বাতিল করে স্পেন সরকার।
আজকের স্পেনে জনসমক্ষে আবেগ ও ভালোবাসা প্রকাশের দৃশ্য অহরহ চোখে পড়লেও এই স্বাধীনতার সুযোগ সবাই সমানভাবে উপভোগ করতে পারেন না। সমাজবিজ্ঞানের অধ্যাপক লাসেনের মতে, কোনো বয়স্ক দম্পতি জনসমক্ষে পার্কের বেঞ্চে চুমু খেলে সাধারণ মানুষ হয়তো একটু বেশি কৌতুহল নিয়ে তাকায়। তিনি বলেন, ‘এখানেও নিজের সম্পর্ক প্রকাশ্যে তুলে ধরার ক্ষেত্রে সবাই সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
ভ্যালেন্সিয়ার সাবেক ওয়েডিং ফটোগ্রাফার পাউলা ফুরিওর কাছে চুম্বন অনেক বড় একটি বিষয় বা মুক্তির প্রতীক। তিনি বলেন, ‘যদিও এখনও অনেক পথ বাকি, তবু সামগ্রিকভাবে স্প্যানিশ সমাজ অত্যন্ত মুক্তিকামী ও উন্মুক্ত চিন্তা লালন করে। আর চুম্বন হলো বিশাল এক হিমশৈলের চূড়ামাত্র—যা অনুধাবন করায় স্পেনে আপনি কতটা স্বাধীনতা উপভোগ করতে পারেন। এটি প্রকৃতপক্ষে স্বাধীনতারই এক প্রত্যক্ষ প্রকাশ।
বিষয়টি জাপান থেকে ফেরা আমার সেই বন্ধুর স্বস্তির কথা নতুন করে মনে করিয়ে দেয়, যিনি স্টেশন থেকে বেরিয়েই বেঞ্চে এক দম্পতিকে চুমু খেতে দেখে স্বস্তি পেয়েছিলেন। হয়তো তিনি কেবল নিজের চেনা ঘরে ফেরার আনন্দে আত্মহারা হননি, বরং এমন একটি দেশে ফিরতে পেরে আনন্দিত ছিলেন—যেখানে লোকদেখানো ভদ্রতার চেয়ে মানুষের নিজস্ব মানসিক স্বকীয়তা ও সততাই বেশি প্রাধান্য পায়। হয়তো স্পেনে চুম্বনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো—এটি এখন আর আলাদা করে উল্লেখ করার মতো কোনো বিষয়ই নয়, বরং এক স্বাভাবিক প্রথা।
