সদরদপ্তরের সামনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো। সুইজারল্যান্ডের জেনেভায়। ফাইল ছবি: এএফপি
কলেরায় চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে ৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। গত বছর বাংলাদেশসহ বিভিন্ন দেশ মিলিয়ে এ সংখ্যা ৭ হাজারের বেশি ছিল।
সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার এসব তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ২০৩০ সালের মধ্যে কলেরার সংক্রমণ ৯০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
ডব্লিউএইচওর মহামারিপ্রবণ ব্যাকটেরিয়াজনিত রোগ বিভাগের প্রধান লরেঞ্জো পেজোলি জানান, গত বছর প্রায় ৭ হাজার ৯০০ মানুষ কলেরায় প্রাণ হারান। ১৯৯৯ সালের পর ২০২৫ ছিল সবচেয়ে ভয়াবহ বছর।
গত বছর বিশ্বে কলেরায় আক্রান্ত ও মৃত্যুর প্রায় ৯০ শতাংশ ঘটে সাতটি দেশে। সেগুলো হলো- অ্যাঙ্গোলা, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেন।
পেজোলি জানান, চলতি বছরের প্রথম ৯ মাসের তথ্য অনুযায়ী, কলেরায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে এখনো ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। তাদের মধ্যে ১০ জনের ৯ জনই আফ্রিকার।
সম্মিলিত প্রচেষ্টায় আগের বছরের তুলনায় সুফল মিলছে বলে মনে করেন পেজোলি। তিনি বলেন, এই উদ্যোগ এখনো যথেষ্ট নয়। ২০৩০ সালের মধ্যে কলেরা যেন আর জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে না থাকে, সে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।
