বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য?’—বলেই শ্রমিক লীগ কর্মীকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল, পরে পুলিশের হাতে গ্রেপ্তার। ছবি-ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য ও হয়রানির অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামে খোরশেদ আলম নামে শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রী। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যক্তিকে মারধর করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরে পুলিশ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরের বাকলিয়া থানার তুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দিবাগত রাতে একই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মারধরের শিকার খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিক লীগের কর্মী বলে জানা গেছে। অন্যদিকে, তাঁকে মারধরকারী এনসিপি নেত্রী তানিয়া আমিন চট্টগ্রাম মহানগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

ঘটনার পর মঙ্গলবার রাতেই ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তানিয়া আমিন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমকে একের পর এক চড়-থাপ্পড় মারছেন এনসিপি নেত্রী। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যক্তিকে মারধর করেন।

ভিডিওতে তানিয়া আমিনকে বলতে শোনা যায়, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ একপর্যায়ে তিনি আরও বলেন, ‘এই ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? এ ধরনের পোস্ট তুই করবি কেন? তারা মেয়েদের দুর্বল মনে করে। ঘরে তোর মা-বোন নেই?’ এ সময় আশপাশের লোকজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

ভিডিওর ক্যাপশনে তানিয়া আমিন লিখেছেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।’ তাঁর অভিযোগ, খোরশেদ আলম দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাঁকে হয়রানি করে আসছিলেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘তানিয়া আমিন একজন জুলাই যোদ্ধা। তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের খোরশেদ আলম।

এদিকে এনসিপির নেতা-কর্মীরা খোরশেদ আলমের দোকানে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। তাঁরা তাঁকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। পরে পুলিশ খোরশেদ আলমকে ধরে নিয়ে যায়। পুলিশ তাঁর মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রমাণও পেয়েছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, তানিয়া আমিন নামে এক এনসিপি নেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে খোরশেদ আলম নামে একজনকে আটক করে থানায় আনা হয়।

ওসি আরও বলেন, তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ ঘটনায় একদিকে যেমন হয়রানির অভিযোগ সামনে এসেছে, অন্যদিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।