বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢামেক হাসপাতালে অস্ত্রোপচার, কয়েদির পেটে অর্ধশতাধিক লাইটার, নেইল কাটার

গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ বিভিন্ন ধাতব বস্তু বের করা হয়েছে। হাসমত আলী নামে ওই কয়েদি বাবাকে হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত।

তিনি লাইটার, নেইল কাটার, স্ক্রু, ইটের টুকরা, মাটি, লোহার তার গিলে ফেলতেন বলে জানা গেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ৩১ অক্টোবর হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারা সূত্র জানায়, প্রচণ্ড পেটব্যথায় আক্রান্ত হওয়ার পর কাশিমপুর কারাগার থেকে হাসমত আলীকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে করে তার পেটে বিভিন্ন ধাতব ও অন্যান্য বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু সমস্যা হয়, বাবাকে হত্যার কারণে পরিবারের কেউ কখনও তার সঙ্গে যোগাযোগও করেননি। অস্ত্রোপচারের আগে পরিবারের অনাপত্তি প্রয়োজন হয়। সেটা দেওয়ারও কেউ ছিল না। পরে কারা কর্তৃপক্ষই অনাপত্তি দেয়।

৪৪ বছর বয়সী হাসমত আলীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামে। কাশিমপুর কারাগারে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তিনি। এ কারণে বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগারে যাওয়ার সুযোগ ছিল তার। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বিভিন্ন বস্তু সংগ্রহ করে গিলে ফেলতেন তিনি। এসব বস্তু গিলে ফেলার পর তার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, খাবার খেলেই বমি করতেন তিনি। শুধু পানি পান করতে পারতেন।

কারা সূত্র জানায়, ২০২০ সালে বাবাকে হত্যার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হাসমত। এর আগেও তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা গিয়েছিল। কারা কর্তৃপক্ষের কাছে হাসমত জানিয়েছেন, এই পৃথিবীতে আর থাকতে চান না বলেই তিনি এসব বস্তু খেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।