ছবি-ভিডিও থেকে নেওয়া
বর্জ্যকে সম্পদ ও পরিচ্ছন্ন শক্তির উৎসে রূপান্তর করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় একক কোনো দেশের প্রচেষ্টায় জিরো ওয়েস্ট বা বর্জ্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত অপ্রাতিষ্ঠানিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে রাষ্ট্র ও সরকার প্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈঠকটি আহ্বান করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান জুবাইদা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন তিনি।
জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের লক্ষ্য এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সরকারের ‘থ্রি-আর’ কৌশলে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-তে ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকার একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণ করতে চায় সরকার। শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষাই এ উদ্যোগের লক্ষ্য।
প্লাস্টিক দূষণ কমানোর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক বিকল্প হচ্ছে সোনালি আঁশ পাট। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। এ প্রসঙ্গে সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি দেশের লেক, খাল, পুকুর ও জলাশয় পরিচ্ছন্ন রাখার উদ্যোগের কথাও তুলে ধরেন।
মিথেন নির্গমন কমানোর বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরে জুবাইদা রহমান বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নিঃসরণ কমাতে কাজ করছে। এ জন্য জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, পরিবেশ সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণেরা শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, বর্তমানের পরিবেশগত সমস্যা সমাধানেরও গুরুত্বপূর্ণ অংশীদার।
বক্তব্যের শেষ পর্যায়ে জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে কোনো কাজে না লাগিয়ে নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং একে সম্পদ, শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে। বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করার আহ্বান জানান তিনি।
জুবাইদা রহমান বলেন, বৈশ্বিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।
