বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

(২য় পর্ব) মানহীন ওষুধের রিপোর্টেও নীরব ঔষধ প্রশাসন! বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়?

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পরীক্ষাগারে প্রমাণিত ভিটামিন-ডি৩-এর ঘাটতি, স্থগিত নিবন্ধনের পরও বাজারজাতের অভিযোগ; তদন্ত ও মামলা আটকে থাকার নেপথ্যে কারা?। ফাইল ছবি

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরীক্ষাগারে চিহ্নিত দুটি ওষুধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে রয়েছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আলমগীর হোসেন। সরকারি পরীক্ষাগারে প্রতিষ্ঠানটির উৎপাদিত দুটি ওষুধ নির্ধারিত মানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হওয়ার পরও পরবর্তী আইনগত ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, এ সুযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বিপুল অঙ্কের টাকার ওষুধ বাজারজাত অব্যাহত রেখেছে।

গত ২ নভেম্বর এ বিষয়ে দৈনিক আমাদের মাতৃভূমিসহ দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। ফলে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পেছনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট অভিযোগকারীরা। তাঁদের দাবি, বায়োজেন ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যোগসাজশ, অনৈতিক আর্থিক লেনদেন এবং মান-বহির্ভূত ওষুধের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণে গাফিলতির বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। ‘দৈনিক আমাদের মাতৃভূমি’র অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে উঠে এসেছে এ-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথির বিবরণ।

পরীক্ষাগারে ধরা পড়ল ওষুধের মানের ভয়াবহ ঘাটতি

ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (NDCL), মহাখালী, ঢাকা কর্তৃক মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত বহুল ব্যবহৃত দুটি ওষুধ—Maxcoral-DX Tablet এবং Maxcoral-D Tablet-এর নমুনা পরীক্ষা করা হয়।

গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে উভয় ওষুধের নির্দিষ্ট ব্যাচকে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং মান-বহির্ভূত হিসেবে চিহ্নিত করা হয়।

পরীক্ষাগারের প্রতিবেদন অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর (ব্যাচ নং- 5K17274) প্রতি ট্যাবলেটে ঘোষিত ভিটামিন-ডি৩-এর পরিমাণ ৪০০ IU থাকার কথা। কিন্তু পরীক্ষায় পাওয়া যায় মাত্র ২৭৩.৮১ IU। অর্থাৎ নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় ৩১.৫৫ শতাংশ ঘাটতি পাওয়া যায়।

একইভাবে Maxcoral-D Tablet-এর (ব্যাচ নং- 5K12276) প্রতি ট্যাবলেটে ভিটামিন-ডি৩-এর ঘোষিত মাত্রা ২০০ IU হলেও পরীক্ষায় পাওয়া গেছে মাত্র ১৩৫.৫২ IU। এ ক্ষেত্রে ঘাটতির পরিমাণ প্রায় ৩২.২৪ শতাংশ।

ড্রাগ অ্যানালিস্টের প্রতিবেদনে পরীক্ষিত নমুনাগুলো নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয় বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সরকারি পরীক্ষাগারের পরীক্ষায় দুটি ওষুধের নির্দিষ্ট ব্যাচের গুণগত মান নিয়ে গুরুতর অসংগতি উঠে আসে।

নিবন্ধন স্থগিত, উৎপাদন-বাজারজাত বন্ধের নির্দেশ, এরপর কী হলো?

পরীক্ষাগারে ওষুধ দুটির মান-বহির্ভূত হওয়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট ওষুধের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয় বলে জানা গেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মান-বহির্ভূত ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

কিন্তু অভিযোগ অনুযায়ী, নির্দেশনা জারির পর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ বাস্তবায়নে অস্বাভাবিক বিলম্ব ঘটে। লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে এ-সংক্রান্ত ফাইলের কার্যক্রম কার্যকরভাবে এগোয়নি বলে অভিযোগ উঠেছে। ঔষধ আদালতে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও তা বাস্তবে কতদূর এগিয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে অভিযোগকারীরা আরও দাবি করেছেন, নিবন্ধন স্থগিতের নির্দেশনার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির উৎপাদিত ওষুধ বাজারে সরবরাহ ও বিক্রির ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই এবং সংশ্লিষ্ট ব্যাচের ওষুধের বর্তমান বাজার পরিস্থিতি নিশ্চিত হওয়া প্রয়োজন।

কার স্বার্থে থমকে আছে আইনগত ব্যবস্থা?

সরকারি পরীক্ষাগারে মানের ঘাটতি শনাক্ত হওয়ার পরও কেন দ্রুত আইনগত ব্যবস্থা কার্যকর হলো না—এ প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট ওষুধের নিবন্ধন স্থগিত, উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ এবং ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নেওয়ার নির্দেশনা থাকার পরও পরবর্তী কার্যক্রমে বিলম্বের প্রকৃত কারণ কী?

এ বিলম্বের পেছনে প্রশাসনিক জটিলতা, দায়িত্বে অবহেলা, নাকি অন্য কোনো প্রভাব কাজ করেছে—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন এবং বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো অনৈতিক আর্থিক লেনদেন বা যোগসাজশের অভিযোগ রয়েছে কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি উঠেছে।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার আগে কাউকে দায়ী করার সুযোগ নেই। তবে সরকারি পরীক্ষাগারে মান-বহির্ভূত হিসেবে চিহ্নিত ওষুধের বিষয়ে ব্যবস্থা গ্রহণে বিলম্বের অভিযোগ জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা জরুরি।

দুদকে অভিযোগ, তদন্তের দাবি

জনস্বাস্থ্য সুরক্ষা এবং সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগের প্রকৃত রহস্য উদঘাটনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি সুনির্দিষ্ট অভিযোগের আবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

আবেদনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট দাপ্তরিক নথি সংগ্রহ, মান-বহির্ভূত ওষুধের বিরুদ্ধে মামলা দায়ের না হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান, সম্ভাব্য অবৈধ আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীদের প্রত্যাশা, দুদক নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

পিএ শহিদুল ইসলাম খানকে ঘিরেও পদোন্নতি ও দুর্নীতির অভিযোগ

এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শহিদুল ইসলাম খানকে ঘিরেও একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে অভিযোগকারীরা দাবি করেছেন, মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় শহিদুল ইসলাম খান বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছেন। এমনকি জ্যেষ্ঠ কর্মকর্তাদের টপকে তাঁর পদোন্নতি পাওয়ার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, যা তদন্তের আওতায় আনা প্রয়োজন। তবে এসব অভিযোগের পক্ষে পূর্ণাঙ্গ প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করা জরুরি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও অভিযোগের সূত্র অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযুক্ত মহাপরিচালকের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে বক্তব্য জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জনস্বাস্থ্য রক্ষার দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পরীক্ষাগারে মান-বহির্ভূত হিসেবে চিহ্নিত ওষুধের বিষয়ে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি, মামলা দায়েরের বর্তমান অবস্থা এবং বাজারে সংশ্লিষ্ট ব্যাচের ওষুধের উপস্থিতি—সবকিছুই স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।

সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। তাই বায়োজেন ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও দৃষ্টান্তমূলক তদন্ত এখন সময়ের দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।