সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বদলি: সোহরাওয়ার্দী হাসপাতালের আলোচিত পরিচালক সেহাব উদ্দিন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে

তাবাসসুম স্নেহা
মে ১১, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার নানা অভিযোগের পর অবশেষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এর আলোচিত পরিচালক সেহাব উদ্দিনকে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এসডি হিসেবে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকেই সেহাব উদ্দিন যেন নিজেকে “ধরাকে সরা জ্ঞান” করতেন। হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা, রোগীসেবা ও আর্থিক ব্যবস্থাপনায় তার বিরুদ্ধে একের পর এক বিতর্ক তৈরি হয়। তার কর্মকাণ্ডে হাসপাতালটির দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের।

ভুক্তভোগীদের দাবি, রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন, আর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চালানো হয়েছে নানা ধরনের চাপ ও ভয়ভীতি। বিশেষ করে আউটসোর্সিং কর্মীদের ব্যবহার করে হাসপাতালের গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ, নিয়মবহির্ভূত কেনাকাটা, টেন্ডার ছাড়াই কাজ বাস্তবায়ন এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তাকে ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরেও নতুন করে সমালোচনার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, আউটসোর্সিং কোম্পানির সুপারভাইজার জাহিদকে দিয়ে হাসপাতালের বেড মেরামতের কাজ করানো হচ্ছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, এ কাজের জন্য কোনো ধরনের টেন্ডার আহ্বান করা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জাহিদ সাংবাদিকদের বলেন, এইটা স্যারের বিষয়।

এদিকে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও ঘুরপাক খাচ্ছে সেহাব উদ্দিনকে ঘিরে। হাসপাতালের অভ্যন্তরে তার বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ দীর্ঘদিন ধরেই জমা হচ্ছিল বলে দাবি সংশ্লিষ্টদের।

অভিযোগগুলোর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও নজরে আসে। বিশেষ করে দুর্নীতি ও অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক এবং অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় নড়েচড়ে বসে। শেষ পর্যন্ত তাকে বর্তমান পদ থেকে সরিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, শুধু বদলি নয়— তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অন্যথায় স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের সংস্কৃতি বন্ধ হবে না, বরং আরও বেপরোয়া হয়ে উঠবে দুর্নীতিবাজরা।
শেহাব উদ্দিন এর দুর্নীতির আদ্যোপান্ত থাকছে পরবর্তী প্রতিবেদনে।চোখ রাখুন সমতল মাতৃভূমি’র পরের পর্বে। এছাড়াও ঔষধাগারের স্টোরকিপার রফিকুল ইসলাম এর অনিয়মের বিস্তারিত থাকছে পরবর্তী সংখ্যায়। চলবে….

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।