সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মানার আহ্বান, কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ। ফাইল ছবি
আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল (বি.এ) মাদরাসায় সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল, ইকুরিয়া, ঢাকার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনায় গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মো. নাসিম হায়দার, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ এবং মাদরাসার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো উন্নয়ন কিংবা আইন প্রয়োগের বিষয় নয়; বরং ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও মানবিক মূল্যবোধের সমন্বিত প্রতিফলন। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী। তাই সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিজের ও অন্যের নিরাপত্তার প্রতিও সবাইকে সচেতন থাকতে হবে।
