কুশা কপিলা ও জোরাওয়ার সিং আহলুওয়ালিয়া
ভেঙে গেছে দাম্পত্য, হারিয়েছেন চাকরি, এমনকি নিজের হাতে তৈরি বাড়িটিও। জীবনের একের পর এক ধাক্কায় আত্মসম্মান ও নিজের প্রতি বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন তিনি। তবে কঠিন সময় পেরিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জোরাওয়ার সিং আহলুওয়ালিয়া। ভারতীয় অভিনেত্রী ও ইন্ফুয়েন্সার কুশা কপিলার প্রাক্তন স্বামী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
ভিডিওতে জোরাওয়ার জানিয়েছেন, গত কয়েক বছরে তার জীবনে অনেক পরিবর্তন এসেছে। হারিয়েছেন একসময় সবচেয়ে প্রিয় বলে মনে করা অনেক কিছুই। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে করতে একসময় নিজের ওপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন তিনি।
নিজের অনুভূতির কথা বলতে গিয়ে জোরাওয়ার বলেন, ‘আমি স্বীকার করছি, আমি একজন ব্যর্থ মানুষ। গত কয়েক বছরে আমার কাছে যা কিছু সবচেয়ে প্রিয় ছিল, সবই হারিয়েছি। বিয়ের সম্পর্কটা ধরে রাখতে পারিনি, কর্পোরেট চাকরি হারিয়েছি, নিজের তৈরি বাড়িটাও হারিয়েছি। হারিয়েছি আত্মসম্মান। নিজের সম্পর্কে ভালো ধারণাটুকুও আর অবশিষ্ট ছিল না। অন্যের সঙ্গে নিজেকে বারবার তুলনা করার লড়াইয়েও হেরে গিয়েছি।
তবে নিজের ব্যর্থতার কথা বলেই থেমে থাকেননি তিনি। জীবনের কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার কথাও জানিয়েছেন। একসময় বুঝতে পেরেছেন, নিজের দুর্দশার জন্য নিজেকে দোষারোপ করে যাওয়ায় কোনো সমাধান নেই। বরং পরিস্থিতি মেনে নিয়ে নতুন করে পথচলা শুরু করাই জরুরি।
জোরাওয়ারের ভাষ্য, ছোটবেলা থেকেই তাকে ব্যর্থ বলে আখ্যা দেওয়া হয়েছে। একটা সময় সেই পরিচয়ই যেন তার নিজের কাছেও সত্যি হয়ে উঠেছিল। তবে এখন আর সেই তকমা এড়িয়ে যেতে চান না তিনি। বরং নিজের মতো করে ব্যর্থতার সংজ্ঞা বদলে নিতে চান। ভিডিওর শেষে নিজের ওপর বিশ্বাস রাখার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেছিলেন কুশা কপিলা ও জোরাওয়ার সিং আহলুওয়ালিয়া। ছয় বছরের দাম্পত্যের পর ২০২৩ সালের ২৬ জুন বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই দম্পতি। সূত্র: আনন্দবাজার অনলাইন
