মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝড়-বৃষ্টির শঙ্কা উপেক্ষা করে দুবলার চরে ভক্তদের ঢল, আজ সাগরে পুণ্যস্নান

বাগেরহাট জেলা প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

তিন দিনের রাস উৎসবের শেষ দিনে আলোরকোলে হাজারো পুণ্যার্থীর সমাগম | পরিবেশ রক্ষায় প্লাস্টিক-পলিথিন নিষিদ্ধ, বন্ধ বাণিজ্যিক মেলা। ছবি: সমতল মাতৃভূমি

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের শঙ্কা—কোনো কিছুই দমাতে পারেনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসাহ ও ভক্তি। বৈরী আবহাওয়ার আশঙ্কা উপেক্ষা করেই সুন্দরবনের দুবলার চরে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী। রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত তিন দিনের ঐতিহ্যবাহী রাস উৎসবের শেষ দিন আজ মঙ্গলবার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের মোহনায় আলোরকোলে শুরু হয়েছে পুণ্যস্নান। ধর্মীয় আচার-অনুষ্ঠান আর ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবনের নির্জন এই জনপদ।

গত রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের রাস উৎসব। সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার ভোরে সাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে তিন দিনের এই আয়োজন। রাস পূর্ণিমাকে কেন্দ্র করে আলোরকোলে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শত বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলা স্মরণে এ উৎসবের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমায় সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নান করলে পাপমুক্তি ঘটে এবং মনের বাসনা পূর্ণ হয়। সেই বিশ্বাস ও ভক্তির টানেই প্রতিবছর হাজারো মানুষ ছুটে আসেন সুন্দরবনের এই দুর্গম চরে।

এবারের উৎসবকে ঘিরে শুরু থেকেই ছিল বৈরী আবহাওয়ার উদ্বেগ। ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা ও বৃষ্টির পূর্বাভাসে উৎসব আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও পুণ্যার্থীদের আগমনে ভাটা পড়েনি। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌপথে দুবলার চরে পৌঁছান ভক্তরা। তাঁদের উপস্থিতিতে উৎসবের প্রাণকেন্দ্র আলোরকোলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সাধারণ সময়ে দুবলার চর শুঁটকি উৎপাদনে ব্যস্ত জেলেদের কর্মস্থল। জোয়ার-ভাটার ঢেউ, নদীর গর্জন আর গাঙচিলের ডাকেই মুখর থাকে এই জনপদ। কিন্তু রাস পূর্ণিমা এলেই বদলে যায় চরের চিত্র। ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস ও ভক্তির টানে হাজারো মানুষের সমাগমে নির্জন আলোরকোল পরিণত হয় মিলনমেলায়।

বাণিজ্যিক মেলা বন্ধ, অগ্রাধিকার সুন্দরবনের পরিবেশ সংরক্ষণে

একসময় রাস উৎসবকে কেন্দ্র করে দুবলার চরে ধর্মীয় আয়োজনের পাশাপাশি বসত জমজমাট বাণিজ্যিক মেলা। দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখর থাকত পুরো এলাকা। তবে মেলাকে কেন্দ্র করে সৃষ্ট বর্জ্য, প্লাস্টিক দূষণ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব বিবেচনায় ২০২১ সাল থেকে বাণিজ্যিক মেলা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ পর্যটকদের প্রবেশ সীমিত করে নির্ধারিত সংখ্যক পুণ্যার্থীর যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর নিরাপদ বিচরণক্ষেত্র রক্ষায় এবারের উৎসবেও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। বনের ভেতরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। উৎসব চলাকালে এবং আয়োজন শেষে বালিয়াড়ি ও নদীর তীর পরিষ্কার রাখতে কাজ করছেন বন বিভাগের কর্মী, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

আলোরকোলে অবস্থানরত কয়রা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে বৃষ্টি উপেক্ষা করেই হাজারো ভক্ত দুবলার চরে এসেছেন। তবে উৎসবের আনন্দের পাশাপাশি সুন্দরবনের পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

স্থানীয়দের মতে, দুবলার চরের রাস উৎসব কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি এ অঞ্চলের শতবর্ষী ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। যুগের পর যুগ ধরে চলে আসা এ ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ন রাখা জরুরি।

তাঁদের আহ্বান, ধর্মীয় উৎসবের পবিত্রতা ও আনন্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষের পদচারণা, উৎসবের আয়োজন কিংবা বর্জ্য যেন সুন্দরবনের বন্য প্রাণী, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। কারণ, ঐতিহ্য বাঁচিয়ে রাখার অন্যতম শর্তই হলো সুন্দরবনকে তার নিজস্ব রূপে সুরক্ষিত রাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।