মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন ‘দুঃস্বপ্ন’ ছাড়া কিছু নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে, প্রত্যর্পণ ছাড়া ফেরার সুযোগ নেই। ফাইল ছবি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাকে ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে। প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার অন্য কোনো সুযোগ নেই।

মঙ্গলবার সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে চড়ে দেশে ফেরার আকাঙ্ক্ষার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ইচ্ছা করতে পারেন, মানে বিছানায় ঘুমিয়ে নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখতে পারেন। নাইটমেয়ারের মধ্যে দেখতে পারেন, আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি। না, তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন।

তিনি আরও বলেন, আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়।

শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং এ নিয়ে বিভিন্ন প্রচারণার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ভাই, মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে কনসালট্যান্টগুলো হায়ার করে, অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হচ্ছে, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।’

সহিংসতার পেছনে আওয়ামী টেররিজমের অভিযোগ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। কোনো নির্দিষ্ট গোষ্ঠী এসব হামলার পেছনে রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই; টেররিস্ট আওয়ামী টেররিস্ট, আওয়ামী টেররিজম।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের মানুষ টেররিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেররিজম, স্পন্সরড বাই হাসিনা। আপা ফ্রম দিল্লি। এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না!’ তার ভাষায়, বিষয়টি এখন আর কোনো বিস্ময়ের নয়।

গোপালগঞ্জের পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না, অবৈধ সরকার না।’

তার অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন। তবে এতে মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং উল্টো সন্ত্রাসীরাই আতঙ্কিত হচ্ছেন।

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে প্রতিমন্ত্রীর কটাক্ষ

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। জয় বাংলা বললেই মনে হয় কেউ মারতেছে দৌড়।’

নিজের একটি অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, আগের দিন চারতলা থেকে নামার সময় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি খোঁজ নেন। পরে দেখেন, একজন ওই স্লোগান দিয়েই দৌড়ে পালাচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণ মানুষ এখন বলাবলি করে, মুসলমান হিসেবে আমরা মৃত্যুর আগে কালিমা পড়ার চেষ্টা করি; আর এসব কাপুরুষ সন্ত্রাসী পালানোর আগে বা শেষ সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালায়।’

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, বাংলাদেশের মানুষের কাছে দলটি এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। দলটির কোনো জনভিত্তি নেই এবং মানুষ তাদের ঘৃণা করে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ গুণগত পরিবর্তন ও উন্নত শাসনব্যবস্থা প্রত্যাশা করছে। জনগণ আর এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, জনগণই এখন এসব ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

ভবিষ্যতে সরকার আরও কঠোর অবস্থান নেবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন ও মোকাবিলা করা হবে।

বিদেশি কূটনীতিকদের পরিস্থিতি জানাল সরকার

এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে সরকার। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানসহ প্রায় ৬০টি দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রিফিংয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বলে কূটনীতিকদের জানানো হয়।

একই সঙ্গে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার অভিযোগ এবং এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরা হয়।

বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার

এর আগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান শেখ হাসিনা। এ জন্য ভারতের দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। এর আগে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছিল তার পক্ষে কাজ করা ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স। পরে ১৯ নভেম্বর এ বিষয়ে অগ্রগতি জানতে আবারও চিঠি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে অবস্থান করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।