ইউনূস সরকারের করা চুক্তি বাতিল না করে বাস্তবায়ন করছে বিএনপি সরকার, অভিযোগ বজলুর রশিদ ফিরোজের। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকার। বিএনপি সরকার সেই চুক্তি বাতিল না করে বরং বাস্তবায়ন করে চলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখা এ জনসভার আয়োজন করে।
বজলুর রশিদ ফিরোজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ওই চুক্তির কারণে দেশের শিল্প, কৃষি ও ওষুধশিল্প ধ্বংসের মুখে পড়বে। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে জ্বালানি নিরাপত্তা। সরকার ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, ডিজেলসহ বিভিন্ন জ্বালানির দাম দফায় দফায় বাড়িয়েছে। লাভজনক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হয়েছে। অন্যদিকে ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি এবং সুন্দরবনের আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের মতো পরিবেশবিধ্বংসী তৎপরতা চলছে। এসব চুক্তি ও কর্মকাণ্ড অবিলম্বে বাতিল করতে হবে।
বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন এবং ফতুল্লা থানার সদস্যসচিব এসএম কাদির।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী এবং বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান।
দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বজলুর রশিদ ফিরোজ আরও বলেন, বাংলাদেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বেকারত্ব আকাশচুম্বী, দারিদ্র্য বাড়ছে এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। মব সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িক শক্তির তৎপরতা বেড়েছে। নারী ও শিশু নির্যাতন, খুন, ধর্ষণ এবং মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, সরকার ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দেশি-বিদেশি লুটেরাদের হাতে নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছে। সরকারের ভুলনীতি, দুর্নীতি ও অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে কৃষক ধান, গম, আলু ও পেঁয়াজসহ উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে সার, সেচ, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। বাজারে সার না পেয়ে গুদাম থেকে সার সংগ্রহ করতে গিয়ে কৃষকদের মামলা ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনাও ক্রমেই বাড়ছে। এভাবে দেশ চলতে পারে না।
সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ, আগ্রাসন ও লুণ্ঠন চালাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পুঁজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাঁদের মতে, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করা প্রয়োজন।
