রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্য

স্টাফ রিপোর্টার
জুলাই ৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে।

শনিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় আহত জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ে সংঘটিত গণহত্যা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং তিনি আন্দোলনকারীদের ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন এবং তাদের বিরুদ্ধে বিষোদ্‌গার করে যাচ্ছেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখনও বিভিন্নভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং দেশের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করতে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি দুজনই বিদেশে নির্বাসিত ছিলেন। তবে তারা দেশে থাকলে হয়তো আন্দোলনের সফলতা ভিন্নভাবে প্রভাবিত হতে পারত। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের নেপথ্যে সহযোগিতা এবং রাজনৈতিক-অরাজনৈতিক সব পক্ষকে ঐক্যবদ্ধ করতেই তারা ভূমিকা রেখেছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবসা বা রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ নেই। অতীতের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, কোনো চেতনার বাণিজ্যই দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। তাই জুলাইয়ের চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই চেতনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।