লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচি, পরিচ্ছন্ন নগরী ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান। ছবি: সংগৃহীত
রাজধানীর আফতাবনগরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল, লিও ক্লাব অব ঢাকা ইমপিরিয়াল, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসি ও লিডু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫ এ২ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফসহ লায়ন ও লিও নেতারা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্ন নগরী ও সবুজ পরিবেশের প্রত্যয়ে
কর্মসূচির শুরুতে আফতাবনগর এলাকায় নগরী পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। পরিবেশ সংরক্ষণে গাছের গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ
পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের পর লিডু ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এ সময় শিশুদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে এবং ভালো ও জনকল্যাণমূলক কাজে অংশ নিতে উৎসাহিত করা হয়।
আয়োজকদের এ উদ্যোগে পরিবেশ সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার সমন্বয় ঘটেছে। পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এমন কর্মসূচি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
