রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ২৩ নভেম্বর, পুনঃপরীক্ষা শুরু ২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। এ ছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। ফল আশানুরূপ হয়নি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৩ নভেম্বর শেষ হবে এবং সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যাতে আবেদনের সুযোগ পান, সে জন্য আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানানো হবে।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগে এ ধরনের শিক্ষার্থীদের ‘রেফার্ড’ বলা হতো। তাদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। তবে এসব শিক্ষার্থীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজগুলোকে ভর্তি কার্যক্রম স্থগিত রাখতে হবে না।

উচ্চশিক্ষায় পর্যাপ্ত আসন রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ১৫ লাখ আসন ফাঁকা রয়েছে। অথচ এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। সব মিলিয়ে উচ্চশিক্ষায় ভর্তির জন্য শিক্ষার্থী হবে প্রায় ছয় লাখ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজসহ নামকরা বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম এগিয়ে নিতে পারে। সেশনজট কমানোই তাঁর লক্ষ্য।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, সে সময় কয়েকটি ক্ষেত্রে পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম পেয়েছিলেন। কোথাও খাতা পরিবর্তন, কোথাও নম্বর নির্ধারণে অসংগতি ছিল। কয়েকজনকে হাতেনাতে ধরলেও ১৯৮০ সালের প্রচলিত আইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষমতা না থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে নতুন আইন পাস হয়েছে। ২০২৬ সালের এ আইনের মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে আগে অকৃতকার্য থাকা প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জনের জিপিএ বেড়েছে। এইচএসসির পুনর্নিরীক্ষণেও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যাদের ফল পরিবর্তন হবে, তারা যাতে এ বছরই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, তা নিশ্চিত করতে চান বলেও জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, তার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় কেটেছে এ বিশ্ববিদ্যালয়ে। চার বছরের কোর্স শেষ করতে তার আট বছরের বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে প্রত্যাশা করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ হওয়া উচিত। নির্ধারিত সময়ের বেশি লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।