শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক্সপ্লেইনার ফ্লাইদুবাইয়ের কো-পাইলট কীভাবে ছাড়পত্র পেয়েছিলেন?

আল জাজিরা
অক্টোবর ২, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফ্লাইদুবাই এয়ারলাইনের একটি উড়োজাহাজ। ছবি: এএফপি

ইসরায়েলগামী ফ্লাইদুবাই এয়ারলাইনের বুধবারের ঘটনার পর পাইলটদের যাচাই-বাছাই প্রক্রিয়া ও এভিয়েশন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ককপিটে সেদিন পাইলট স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেছিলেন কো-পাইলট।

এয়ারলাইনটি সংযুক্ত আরব আমিরাতের হওয়ায় দেশটির কর্তৃপক্ষ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-শামসি জানান, তদন্তকারীরা ঘটনার সত্যতা, পারিপার্শ্বিক পরিস্থিতি, বিস্তারিত বিবরণ এবং উদ্দেশ্য জানতে তথ্য-প্রমাণ সংগ্রহ করবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে এর সম্পৃক্ততা আছে কি না সেটিও খতিয়ে দেখা হবে।

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটটি জরুরি অবতরণ করেছিল সৌদি আরবে। দেশটি এখনো নতুন তথ্য প্রকাশ করেনি। তাই ঘটনাটি নিয়ে উত্তরের চেয়ে প্রশ্নের পাল্লাই বেশি ভারী। অনেকেই যে প্রশ্নটি করছেন, সেটি হলো- অভিযুক্ত ওই কো-পাইলটকে কীভাবে উড়োজাহাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছিল?

কো-পাইলট কীভাবে ছাড়পত্র পান?

ফ্লাইদুবাই আমিরাতের অপারেটর হওয়ায় এর লাইসেন্স প্রদান ও পরিচালনা তদারকি করে দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ)। তাদের মানদণ্ড অনুযায়ী, প্রয়োজনীয় উড্ডয়ন অভিজ্ঞতার পাশাপাশি একজন পাইলটের বৈধ পেশাদার লাইসেন্স, নির্দিষ্ট রেটিং, হালনাগাদকৃত প্রথম শ্রেণির (ক্লাস ১) চিকিৎসা সনদ এবং ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হয়।

প্রথম শ্রেণির চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত। কোনো পাইলটের মানসিক সমস্যা, মাদকাসক্তি বা অন্য কোনো নির্দিষ্ট উদ্বেগ থাকলে, তাকে যোগ্য ঘোষণার আগে বিস্তারিত মূল্যায়নের জন্য পাঠানো হতে পারে।

লন্ডনভিত্তিক এভিয়েশন কনসালটেন্সি স্ট্র্যাটেজিকঅ্যারো রিসার্চ-এর প্রধান বিশ্লেষক সাজ আহমেদ বলেন, পাইলটদের যাচাই-বাছাই প্রক্রিয়াটি খুবই পুঙ্খানুপুঙ্খ হয়। নিরাপত্তা ও আর্থিক খোঁজখবর থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন করা হয়।

আল জাজিরাকে সাজ আহমেদ বলেন, এসব যাচাই-বাছাই একটি নির্দিষ্ট সময়ের চিত্র মাত্র। কর্মক্ষেত্রে বা ফ্লাইট ডেকে কারো কোনো সমস্যা দেখা দেবে কি না, তা এসব পরীক্ষার মাধ্যমে কখনোই শতভাগ জানা সম্ভব নয়।

ইসরায়েলের গণমাধ্যমগুলোতে দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেগেভের বক্তব্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের একটি চুক্তির শর্ত অনুযায়ী, যেসব দেশের সঙ্গে তেল আবিবের কূটনৈতিক সম্পর্ক আছে, কেবল সেসব দেশের পাসপোর্টধারী পাইলটরাই ইসরায়েলে অবতরণ করতে পারবেন। আল জাজিরা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

পরিবহন নিরাপত্তা বিভাগের এক বিবরণে, ‘ইসরায়েলের ওপর দিয়ে যাওয়া বা অবতরণ করা বিদেশি ফ্লাইটের নিরাপত্তা তল্লাশি’ এবং আকাশপথে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে বাণিজ্যিক এয়ারলাইনসের পাইলট বা কেবিন ক্রুদের ব্যক্তিগত তথ্য যাচাইয়ের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই।

বুধবারের ওই ঘটনার পর ইসরায়েল জানিয়েছে, দেশে প্রবেশ করা ফ্লাইটগুলোর পাইলটদের নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র দোরন স্পিলম্যান বলেন, এখন থেকে ইসরায়েলে প্রবেশ করা প্রত্যেক পাইলটের পরিচয় নিশ্চিত করা হবে।

অভিযুক্ত কো-পাইলট সম্পর্কে কী জানা গেছে?

বৃহস্পতিবার পর্যন্ত তাঁর সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। প্রাথমিক চিকিৎসার পর সৌদি আরবের কর্তৃপক্ষ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। তার নাগরিকত্বের বিষয়েও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, ওই কো-পাইলট এক বছরের কম সময় ধরে ফ্লাইদুবাইয়ে কর্মরত ছিলেন। তার ‘ফ্লাইং আওয়ার’, যোগ্যতা কিংবা ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে করে আগে কখনো ইসরায়েলে গিয়েছিলেন কি না- সে বিষয়েও তথ্য পাওয়া যায়নি।

কিছু ইসরায়েলি কর্মকর্তা তড়িঘড়ি করে ঘটনাটিকে ‘জিহাদি হামলা’ বলে আখ্যা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা কি না অথবা ইরানের ভূমিকা আছে কি না, তা বলার সময় আসেনি। প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘কো-পাইলটকে আমিরাতে নিয়ে যাওয়া হবে। আমরা বিষয়টির ওপর নজর রাখব। সম্ভবত তদন্তেও অংশ নেব।

ফ্লাইদুবাই ও সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান। তাই জল্পনা-কল্পনায় কান দেওয়া উচিত হবে না।

ভারতীয় পাইলট সম্পর্কে যা জানা গেছে

স্মিত মাচ্ছার নামের ওই পাইলটকে বীরের খেতাব দিয়েছেন ইসরায়েল ও ভারতের প্রধানমন্ত্রীরা। তাঁর বাড়ি মুম্বাইয়ে হলেও স্ত্রী-সন্তান নিয়ে দুবাইয়ে বসবাস করেন। বুধবারের ঘটনার পর সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাচ্ছারের লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। এর আগে এক দশক ধরে ভারতীয় বাণিজ্যিক এয়ারলাইন স্পাইসজেটে কর্মরত ছিলেন। প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে ৯ হাজার ৭৫০ ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা আছে।

মুম্বাইয়ের ওয়েলিংকার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন মাচ্ছার। স্পাইসজেটে যোগ দেওয়ার আগে তিনি নিউজিল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছিলেন। গত ৪ বছর ধরে ফ্লাইদুবাইয়ের হয়ে কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।