মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী পৌঁছালেন যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি মাত্র নৌকায় চড়ে রেকর্ড সংখ্যক ২৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। মানবপাচারকারী চক্রের এ ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কৌশলকে তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার।

ফ্রান্স থেকে রোববার (৯ আগস্ট) দেরিতে ছেড়ে আসা নৌকাটি ব্রিটিশ কর্তৃপক্ষের নজরদারির পর সোমবার (১০ আগস্ট) ভোরে ইংল্যান্ডের উপকূলে পৌঁছায়। এর আগে গত মাসে একটি একক নৌকায় সর্বোচ্চ ১৬৫ জনের পারাপারের রেকর্ড হয়েছিল, যা এবার ভেঙে গেল।

মানবপাচারকারীরা নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে তুলতে থাকার কারণে ঝুঁকি আরও বহুগুণ বেড়ে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে ইঞ্জিন ফেটে ১৭৩ জন অভিবাসী বহনকারী একটি ডিঙ্গি নৌকা চ্যানেলে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনাটি মানবপাচারকারী অপরাধী চক্রগুলোর বেপরোয়া ও বিপজ্জনক কৌশলের প্রমাণ দেয়, যারা অরক্ষিত নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে মানুষের জীবন বিপন্ন করে চলেছে।

তবে সরকার এই সংকট মোকাবিলায় অগ্রগতি অর্জন করছে দাবি করে জানিয়েছে, চলতি বছর সামগ্রিকভাবে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়ার হার কমেছে এবং গত জুলাই মাসে ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন পারাপার রেকর্ড করা হয়েছে।

এই পরিস্থিতি আরও কঠোরভাবে দমনে ফরাসি সৈকতগুলোতে নিরাপত্তা কর্মী বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে একটি ‘পেমেন্ট-বাই-রেজাল্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৯ জনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কম।

সূত্র: আল-জাজিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।