কুষ্টিয়ার দৌলতপুরে বৃদ্ধের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ; আসামি আবদুল হালিমসহ অজ্ঞাতনামা ৮-১০ জন। নুসরাত তাবাসসুম ও তার বাবা আবদুল হালিম। ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে দায়ের করা এ মামলায় আবদুল হালিমের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহার ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত আবদুল হালিমের আপন ভাই মরহুম মাহফুজুর রহমান ওরফে মনজু মাস্টারের কাছ থেকে দলিলমূলে সোয়া চার কাঠা জমি ক্রয় করেন ইদ্রিস আলী। পরবর্তী সময়ে বিক্রেতা সরেজমিনে জমির দখল বুঝিয়ে দিলে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, জমিটি জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন আবদুল হালিম। এ নিয়ে বৃদ্ধ ইদ্রিস আলীকে বাড়ি থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন বাদী।
অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে আবদুল হালিম ওরফে টমের নেতৃত্বে একদল ব্যক্তি হাসুয়া, রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল এবং ঘরে থাকা তিনটি খাটসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ ইদ্রিস আলী ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুন-গুমের হুমকি দিচ্ছেন। এমনকি তাঁকে হয়রানির উদ্দেশ্যে দৌলতপুর থানার অন্য একটি মামলায় মিথ্যাভাবে জড়ানোর অপচেষ্টা চলছে বলেও তিনি জানতে পেরেছেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে পরিবার নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধ নিজের বসতবাড়ি ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান সমতল মাতৃভূমি’কে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে মামলার অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত আবদুল হালিমের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
