বরাদ্দের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি।কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আন্তর্জাতিক প্রতিশ্রুত অর্থ পৌঁছানো এবং বরাদ্দকৃত তহবিলের ব্যবহার দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি।
বাংলাদেশের জন্য বরাদ্দ করা ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ যাতে প্রকৃত জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল। একই সঙ্গে বরাদ্দের অর্থ ব্যয়ের নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছে তারা।
শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবিষ্যতে যে অর্থ বরাদ্দ পাওয়া যাবে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি বরাদ্দের অর্থ যেন কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের নাগালের বাইরে চলে না যায়, সেটিও নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়। অথচ এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। আগের জলবায়ু সম্মেলনগুলোতে অর্থায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ৯ শতাংশেরও কম বাংলাদেশ পেয়েছে। প্রাপ্ত অর্থের বড় অংশই এসেছে ঋণ হিসেবে। এ পরিস্থিতিতে ভবিষ্যতে ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক বিষয় নয়। এটি জাতীয় ও বৈশ্বিক স্বার্থের সঙ্গে জড়িত। তাই এ বিষয়ে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশের ন্যায্য জলবায়ু অর্থায়নের অধিকার আদায়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান তুলে ধরতে হবে।
সংবাদ সম্মেলনে পরিবেশ সুরক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন তিনি। এ ভিশনের তিনটি মূল লক্ষ্য হলো—জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। অর্থাৎ বন্যার ঝুঁকি শূন্যে নামিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনায় শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন এবং পরিবেশের অবক্ষয় রোধ করা।
মাহবুবুল আলম সালেহী জানান, কপ-৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের পক্ষ থেকে এ ভিশন তুলে ধরা হয়েছে। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে সুরক্ষিত রাখতে বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলন করতে না দেওয়ার অভিযোগ
এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন আয়োজনের অনুমতি ও সহযোগিতা না পাওয়ার অভিযোগও তুলেছেন জামায়াতের এই সংসদ সদস্য।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলন আয়োজনের সময় নির্ধারিত ছিল। এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী এবং প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা করে আগেই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা করেনি।
ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল কপ-৩১-এ অংশ নিয়েছে। কিন্তু সম্মেলনে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে কপ-৩১-এ জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
