মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কে এই শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের আলোচিত নাম ছিল শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় আধিপত্য বিস্তার, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির নানা অভিযোগে আলোচনায় ছিলেন তিনি। ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ ঘিরে তাকে নিয়ে তৈরি হয়েছিল নানা রহস্য।

দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর প্রায় দুই বছর বাইরে থাকার পর আবারও গ্রেফতার হলেন এই আলোচিত ব্যক্তি। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। তবে গোয়েন্দাদের ধারণা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে তার মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।

ডিবি কর্মকর্তাদের ভাষ্য, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।