পোলট্রি খামারের কথা বলে বাড়ি ভাড়া, দুই মাস ধরে ছদ্মপরিচয়ে ‘বোমারু মামুন। ফাইল ছবি
পোলট্রি খামার গড়ে তোলার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু খামার গড়ার আড়ালে বাড়ির উঠানের মাটির নিচে লুকিয়ে রাখা হয় ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে ওই বাড়িতে অবস্থান করছিলেন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর নিজের পরিচয় গোপন রাখলেও পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর জঙ্গি-সংশ্লিষ্টতার নানা তথ্য সামনে আসছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের শিকদার কান্দি গ্রামের একটি ভাড়া বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি গত ১২ নভেম্বর নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। মামুন ও তাঁর সহযোগীদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক মজুত, ছদ্মপরিচয়ে বসবাস এবং সম্ভাব্য নাশকতার প্রস্তুতির বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁদের যোগসূত্র থাকার অভিযোগও তদন্তে গুরুত্ব পাচ্ছে।
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাঁকে আটকের চেষ্টা করলে পালানোর সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটান তিনি। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন মামুন। ওই পরিচয়ের ভিত্তিতে প্রথমে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে গত ১৭ নভেম্বর আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেরিয়ে আসে তাঁর প্রকৃত পরিচয়—নাজমুল হাসান মামুন, যিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত।
পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে আদালত মামুনের সাত দিন এবং তাঁর সহযোগী জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাড়ির উঠানে মাটির নিচে বিস্ফোরক, সঙ্গে ছিলেন নারী ও পুরুষ
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাঁর সঙ্গে একজন নারী ও একজন পুরুষও থাকতেন। বাড়ির মালিককে তাঁরা চর এলাকায় পোলট্রি খামার গড়ে তোলার কথা জানিয়েছিলেন।
ওসি জানান, বাড়ির উঠানের মাটির নিচে গর্ত খুঁড়ে ১১টি আইইডি লুকিয়ে রাখা হয়েছিল। গত ১২ নভেম্বর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।
নারী ও পুরুষের পরিচয়, মামুনের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং বিস্ফোরক সংরক্ষণ কিংবা তৈরির কাজে তাঁদের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পোলট্রি খামার স্থাপনের কথা বলে বাড়ি ভাড়া নেওয়ার বিষয়টিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
পরিত্যক্ত বাড়ির পেছনে দুধের কৌটায় বোমাসদৃশ বস্তু
এর আগে গত ১০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। পরে কৌটা খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান সংশ্লিষ্টরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে।
পুলিশ জানায়, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেওয়া ঘরটি ওই সিকদার বাড়িতে শনাক্ত করা হয়েছিল। এর আগে ওই ঘর থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুরনো জঙ্গি মামলার আসামি, ২০২৪ সালে জামিন
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছিলেন মামুন। সে সময় তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশের পক্ষ থেকে তাঁকে নিষিদ্ধঘোষিত নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান।
জামিনে মুক্তির পর থেকে রায়পুরে আটক হওয়ার আগ পর্যন্ত তাঁর অবস্থান, কার সঙ্গে যোগাযোগ ছিল এবং কীভাবে আবারও বিস্ফোরক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
দেশের বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় যোগসূত্রের সন্দেহ
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনার তথ্যও তদন্তে এসেছে।
পুলিশের দাবি, মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য মামলাগুলোর তথ্য যাচাই ও সংশ্লিষ্টতা নিশ্চিত করতে তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ছদ্মপরিচয়ে বসবাস, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
রায়পুরের একটি আবাসিক বাড়ির উঠানের মাটির নিচে ১১টি বিস্ফোরক ডিভাইস উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। খামার গড়ার কথা বলে বাড়ি ভাড়া নেওয়া, পরিচয় গোপন করে দীর্ঘদিন বসবাস এবং বিস্ফোরক মজুতের অভিযোগ—সব মিলিয়ে এলাকায় নিরাপত্তা নজরদারি ও ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের বিষয়টি নতুন করে সামনে এসেছে।
পুলিশ এখন মামুনের সহযোগীদের পরিচয়, বিস্ফোরক মজুতের উদ্দেশ্য এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিস্ফোরণের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে। তদন্তে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হলে নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।
