সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র ও বিস্ফোরক এবং মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের প্রতিটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত পাহারা দেওয়াই বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করতেই তিনি সকাল থেকে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ সময় সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় সীমান্তবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারে ফেনী সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কুমিল্লা হয়ে আখাউড়া সীমান্তে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিজিবির পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়করা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।