দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম। নাগরিক হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শ্রমিকদের হাসপাতাল ও নিরাপদ আবাসন গড়ার পরিকল্পনা। ফাইল ছবি
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। দায়িত্ব গ্রহণের পর গাজীপুরকে ঢাকার পর একটি সুন্দর, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে নাগরিক হয়রানি বন্ধ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চেয়ারম্যান।
রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ওয়্যারলেস গেট এলাকায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ফুলেল শুভেচ্ছায় নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুরকে ঢাকার পর একটি সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, জেলার সংসদ সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
নাগরিক সেবায় হয়রানি বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের লোভ-লালসা বা অন্যায়ের সঙ্গে তিনি যুক্ত হবেন না এবং কাউকে অন্যায় করার সুযোগও দেওয়া হবে না। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা দুর্নীতিমুক্ত থাকলে অধস্তন কর্মকর্তারাও দুর্নীতি করার সাহস পাবেন না বলে মন্তব্য করেন তিনি।
শ্রমিক অধ্যুষিত গাজীপুরকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রসঙ্গে নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণ, নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, সুরুজ আহাম্মেদ, ডা. আলী আকবর পলান, নাহিন আহাম্মেদ মমতাজী, আবু নাঈম এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. তানভীর আহাম্মেদ, নজরুল ইসলাম বিকি, মাহবুবুর রশিদ খান শিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।
চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে ঘিরে গাজীপুরে নগর পরিকল্পনা, নাগরিক সেবা, দুর্নীতি প্রতিরোধ ও শ্রমজীবী মানুষের আবাসন-স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এখন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে নগরবাসী।
