সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক, অনুসন্ধান-তদন্তে বিশেষ গুরুত্ব

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২২, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

কথায় নয়, কাজে বিশ্বাসী’—দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার বর্তমান কমিশনের। ফাইল ছবি

বড় ধরনের দুর্নীতি, অর্থ পাচার ও প্রাতিষ্ঠানিক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনায় বড় দুর্নীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান কমিশন। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাগত দক্ষতা বাড়িয়ে দুদককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

তিনি বলেছেন, বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

রোববার দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান দেশের অর্থ পাচার ও বড় ধরনের দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। এর মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে ইনভয়েস ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে। বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। তবে এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা খুব বেশি নয়।

তিনি বলেন, বর্তমান কমিশন বড় ধরনের দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের বিষয়ে অধিক গুরুত্ব দিয়েছে। দুদককে একটি আশাজাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতির তুলনায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করে দিয়েছে। দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউজের মাধ্যমে হয়ে থাকে। এসব অর্থ পাচারে করপোরেট হাউস ও ব্যাংক ব্যবহৃত হচ্ছে।

দুদক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।’

কমিশনের সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমিশনের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক অংশ নেন।

সভাপতির বক্তব্যে দুদক সচিব জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে। এ ছাড়া এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হয়েছে। কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের মান বাড়বে বলে আশা করা হচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদক চেয়ারম্যান কমিশনারদ্বয় ও সচিবকে সঙ্গে নিয়ে কেক কাটেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।