ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে রেলগেট এলাকায়—ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ। ফাইল ছবি
কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর রেলগেট এলাকায় ভাঙারির বস্তা থেকে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভাঙারির দোকানের সামনে বস্তাভর্তি মালামাল নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভাঙারি বিক্রেতা ও ক্রেতা আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন—কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন (৩৫) এবং জুগিয়া পালপাড়া (জগতি পালপাড়া) এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন ওরফে রহুল আমিন (৪২)। বিস্ফোরণে তাঁদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে দুই পা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ৩টার দিকে সুমন বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে সংগ্রহ করা ভাঙারি বস্তায় ভরে রুহুল আমিনের দোকানে বিক্রি করতে যান। স্কেল মেশিনে ওজন করার পর বস্তা উঁচু করে মালামাল নিচে ঢালার সময় লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আহত হন সুমন ও রুহুল আমিন।
তবে বিস্ফোরণের সময় নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কোথাও দুপুর ২টার কথা উল্লেখ করা হলেও প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, ঘটনাটি ঘটে দুপুর ৩টার দিকে। আহত সুমনের দাবি, সকাল থেকে তিনি পরিত্যক্ত বোতল ও জর্দার কৌটা সংগ্রহ করে ব্যাগে ভরে রিকশায় মজমপুর রেলগেট এলাকায় আসেন। ভাঙারির দোকানে মালামাল বিক্রি করতে গেলে বস্তার ভেতরে থাকা বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হয়।
ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন জানান, বস্তা বা ব্যাগটি দোকানের সামনে নামানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। আকস্মিক এ ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই তিনি আহত হন।
সুমনকে বহনকারী রিকশাচালক তসলিমও বিস্ফোরণের আগে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়েছেন। তাঁর ভাষ্য, তিনি চৌড়হাস এলাকা থেকে রিকশা চালিয়ে শহরের দিকে আসছিলেন। কাস্টম মোড় থেকে এক ব্যক্তি ভাঙারির বস্তা নিয়ে তাঁর রিকশায় ওঠেন। পরে মজমপুরে ভাঙারির দোকানের সামনে বস্তা নামানোর মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, বোমা বিস্ফোরণজনিত আঘাত নিয়ে সুমন ও রুহুল আমিনকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে দুজনের পা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুমনের ডান পায়ের ক্ষত বেশি এবং বাম পায়ের ক্ষত তুলনামূলক কম। অন্যদিকে, রুহুল আমিনের পায়ের ক্ষত তুলনামূলক কম গুরুতর।
শহরের প্রাণকেন্দ্র মজমপুর রেলগেট এলাকায় দিনের বেলায় এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে বিস্ফোরকটি অসাবধানতাবশত বস্তায় উঠে এসেছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কিংবা যোগসূত্র রয়েছে—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটি ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরকটি আহত ব্যক্তিদের কাছে ছিল, নাকি তাঁরা সেটি কুড়িয়ে পেয়েছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। আহতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
