বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে সমাবেশে যেতে বাধা ও পিপার স্প্রে ব্যবহারের অভিযোগ: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি এবং পিপার স্প্রে ব্যবহার করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) দিন নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

এর আগে সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ভাটারা থানাধীন এলাকার একটি বাসা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাতনামা আরও ২৫০–৩০০ জন অস্ত্রশস্ত্র নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন, সড়কে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং খালেদা জিয়াকে সমাবেশে যেতে বাধা দেওয়ার উদ্দেশ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেন।

অভিযোগে আরও বলা হয়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে তার বাসভবনের সামনের সড়কে বালুভর্তি ট্রাক ও অন্যান্য যানবাহন রেখে ব্যারিকেড সৃষ্টি করা হয়। বারবার চেষ্টা করেও তিনি বের হতে পারেননি। এ সময় হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ পিপার স্প্রে ব্যবহার করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে, যাতে খালেদা জিয়াসহ তার সফরসঙ্গী কয়েকজন নেতাকর্মী আহত হন।

উল্লেখ্য, এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আইন-আদালত সর্বশেষ