ছবি: সমতল মাতৃভূমি
বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হলেও বাস্তব চিত্রে মিলছে চরম অব্যবস্থাপনার ছাপ। কোথাও নামমাত্র চারা রোপণ, কোথাও আবার রোপণের পর পরিচর্যার অভাবে শুকিয়ে মরছে গাছ। কর্মসূচি বাস্তবায়নের নামে ফটোসেশন ও বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। অন্যদিকে, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। পুরো পরিস্থিতিতে সংশ্লিষ্ট কমিটির নীরব ভূমিকা স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
উপজেলার ধানখোলা ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কয়েকটি স্থানে কিছু চারা রোপণ করা হলেও সেগুলোর যথাযথ পরিচর্যা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। পরিচর্যার জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকা এবং নিয়মিত সেচের ব্যবস্থা না করায় রাস্তার পাশে রোপণ করা চারাগুলো একে একে শুকিয়ে মারা যাচ্ছে। ফলে সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের সুফল নিয়ে দেখা দিয়েছে সংশয়।
অন্যদিকে, কাজীপুর ইউনিয়নের মাঠঘাট, খাল-বিল ও রাস্তার পাশে কর্মসূচির আওতায় রোপণ করা কোনো চারাগাছের অস্তিত্বই চোখে পড়েনি। মটমুড়া, বামন্দি, ষোলটাকা ও রায়পুর ইউনিয়নের চিত্রও প্রায় একই রকম বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ উঠেছে।
কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রামীণ সড়ক ও রাস্তার পাশে দায়সারাভাবে কিছু গাছের চারা রোপণ করা হলেও সেগুলো রক্ষায় নেওয়া হয়নি প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা। অধিকাংশ স্থানে চারার চারপাশে নেই কোনো ঘেরাও বা সুরক্ষাবলয়। গাংনী পৌরসভাসহ বিভিন্ন জনপথেও উল্লেখযোগ্যসংখ্যক চারা রোপণের দৃশ্য দেখা যায়নি। কোথাও সামান্য কিছু চারা লাগানো হলেও তীব্র রোদ ও পানির অভাবে সেগুলো শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। আবার অনেক স্থানে চারা রোপণের খুঁটি থাকলেও সেখানে গাছের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।
এদিকে, কর্মসূচি বাস্তবায়ন ও বরাদ্দ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের বক্তব্যেও স্পষ্টতা পাওয়া যায়নি। কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো কর্মসূচি বা বাজেট তাঁদের দেওয়া হয়নি।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদের সচিব ভালো বলতে পারবেন। সাহারবাটী ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মহোদয় জানেন। কাথলী ইউনিয়নে যোগাযোগ করা হলেও কেউ কোনো সদুত্তর দিতে পারেননি। রায়পুর ইউনিয়নেও দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে একই ধরনের অস্পষ্টতা দেখা গেছে।
সরকারের কোটি কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রয়োজন নিয়মিত পরিচর্যা, সেচ, সুরক্ষা ও কার্যকর তদারকি। অথচ গাংনীতে কর্মসূচির মাঠপর্যায়ের চিত্র নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোথায় কতটি চারা রোপণ করা হয়েছে, কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই অর্থ কীভাবে ব্যয় হয়েছে এবং রোপিত চারাগুলোর বর্তমান অবস্থা কী—এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকি ও জবাবদিহি না থাকলে সরকারি অর্থ ব্যয়ের সুফল সাধারণ মানুষ পাবে না; বরং পরিবেশ রক্ষার মহৎ উদ্যোগ কাগজে-কলমে সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। তাই কর্মসূচির প্রকৃত বাস্তবায়ন, বরাদ্দের অর্থের ব্যবহার এবং চারাগাছের বর্তমান অবস্থা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
