শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজদের সঙ্গে কোনো ঐক্য নয়, রাজপথেই ঐক্য চায় এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি সারজিস আলমের। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে। তবে সেই ঐক্যের পর দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ধরনের ঐক্য হতে পারে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ করে তিনি বলেন, দেখে যান, এখানে আমরা আছি, আপনারা নেই। যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই বিচারের আওতায় আনতে হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনাদের মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে, ভারতও শান্তিতে থাকতে পারবে না।

রাজনৈতিক দলগুলোর গোলটেবিল বৈঠকের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো গোলটেবিল বৈঠক হবে না। ঐক্য করতে হলে রাজপথে ঐক্য হতে হবে। রক্তে রক্তে সেই ঐক্যের স্বাক্ষর থাকতে হবে। গোলটেবিলে বসে কোনো ঐক্য হবে না।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইলে দিল্লি সরকারকে আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।