রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিটন হত্যা মামলা: ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

হত্যার নেপথ্যের রহস্য উদ্ঘাটন, ইন্ধনদাতাদের শনাক্ত ও অস্ত্র উদ্ধারে জিজ্ঞাসাবাদ চায় পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের ওপর আবারও পাঁচ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম দফার পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত গ্রেফতার ও পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জন্য সুইডেন আসলামকে পুনরায় পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ, হত্যার নেপথ্যে কী?

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, টিটনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় একটি বাসায় বসবাস শুরু করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে টিটন বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। একপর্যায়ে একটি গরুর হাটের ইজারা বা শিডিউল কেনার বিষয়েও বড় ভাইকে অবহিত করেন।

এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকেই হত্যাকাণ্ডের পেছনের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল/কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।

সমঝোতার কথা বলে ডেকে নিয়ে গুলি

মামলার এজাহারে বর্ণিত তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের লোকজন তাকে ডেকেছে। তারা সমঝোতার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলতে চায় বলেও জানানো হয়।

এর পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলার পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। এজাহারে অভিযোগ করা হয়, মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।

গুলিতে তার ডান কানের ওপরের অংশ, বাম ভ্রুর ওপরের কপাল, পিঠের বিভিন্ন অংশ, বাম হাতের কনুইয়ের ওপরের সামনের ও নিচের অংশ এবং বাম বগলের নিচে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মর্গে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন বাদী

এজাহারে আরও বলা হয়, হত্যাকাণ্ডের খবর পেয়ে টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে তিনি ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। এ সময় নিউমার্কেট থানা পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও তিনি উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগায় থানায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

বিদেশে পালানোর চেষ্টার সময় বিমানবন্দরে গ্রেপ্তার

এদিকে গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে টিটন হত্যা মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেই রিমান্ড শেষে শনিবার দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড পেলেন তিনি।

নব্বইয়ের দশকে অপরাধজগতের আলোচিত নাম সুইডেন আসলাম

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। বাবার নাম শেখ জিন্নাত আলী।

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। তার পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।

টিটন হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা, হত্যার পরিকল্পনায় কারা জড়িত এবং ঘটনার পেছনে প্রকৃত বিরোধ কী ছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে তদন্ত। দ্বিতীয় দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যের আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তসংশ্লিষ্টদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।