রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, ড্রোন-সিসিটিভিতে বিজিবির কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার, স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি। ফাইল ছবি

ডিসেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেত্রকোনার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট এবং বিশেষ টহলের মাধ্যমে দিন-রাত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক বলেন, ‘ডিসেম্বর মাস সামনে রেখে আমাদের দেশে কিছু নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এটার জন্য সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের অনুপ্রবেশ হতে পারে। এটার আলোকে আমরা নেত্রকোনার সীমান্ত এলাকায় নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছি।’

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার গোপন বৈঠক ঘিরে সৃষ্ট আলোচনার প্রসঙ্গও উঠে আসে ব্রিফিংয়ে। গত বুধবার (১১ নভেম্বর) গোয়াইনঘাট থানায় পুলিশের করা একটি মামলায় জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রনজিত চন্দ্র সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছিলেন। দীর্ঘদিন পর তাঁর দেশে আসা এবং গোপনে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে বিজিবি অধিনায়ক তৌহিদুল বারী বলেন, ‘সম্প্রতি সিলেটে একটা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আমাদের পুরো বর্ডার গার্ড বাংলাদেশকে বলা হয়েছে, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ হবে না। একই সঙ্গে মাদক, অস্ত্র, গোলাবারুদ চোরাচালানে জিরো টলারেন্স করা। দেশে যেকোনো নাশকতা ঠেকানোর জন্য অবৈধ অনুপ্রবেশ হতে দেওয়া হবে না।

তিনি জানান, ৩১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৯২ কিলোমিটার সীমান্ত রয়েছে। পাহাড়ি নদী ছাড়া সীমান্তের সমতল অংশ কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো আলাদাভাবে চিহ্নিত করে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট। রাতের টহলে ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সার্চলাইট। পাশাপাশি পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় ড্রোনের মাধ্যমেও চালানো হচ্ছে নজরদারি।

বিএসএফের পুশ ইন ঠেকাতে সফল বিজিবি

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে লোকজন ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রসঙ্গে তৌহিদুল বারী বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন তৎপরতা জোরদার করেছিল। নেত্রকোনার সীমান্তেও এ ধরনের তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর নজরদারি, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে এ সীমান্ত দিয়ে বিএসএফ কাউকে পুশ ইন করতে পারেনি।

মানব পাচার প্রতিরোধেও অভিযান

মানব পাচার প্রতিরোধে গত এক বছরে ৩১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার নয়জন পুরুষ ও দুজন নারীকে উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

এক বছরে মাদক জব্দ, আটক ২১

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের পরিসংখ্যান তুলে ধরে তৌহিদুল বারী জানান, গত এক বছরে ৩১ বিজিবির অভিযানে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ২১ জনকে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নেত্রকোনার সীমান্তে বিজিবির এই বাড়তি সতর্কতা সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধ ও নাশকতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব বহন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।