মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আনা হচ্ছে সোহেলের মরদেহ, দাফন হবে ধামরাইয়ে

বিনোদন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল খান

পর্দায় হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা সোহেল খান। তার অভিনয়ের অভিব্যক্তি, সংলাপ ও সাবলীল উপস্থিতি দর্শকদের আনন্দ দিয়েছে বছরের পর বছর। ব্যক্তিজীবনেও ছিলেন হাসিখুশি ও প্রাণবন্ত। তবে এবার সেই মানুষটিই ফিরছেন নিথর দেহে। বগুড়া থেকে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে।

ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়িতে বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে বলেন জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়।

অভিনয়ে অংশ নিতে কয়েক দিন আগে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে মো. ইকবালের পরিচালনায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নিতে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন ওই সদস্য। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা সোহেল খানকে মৃত ঘোষণা করেন।

সিনেমাটির পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতার মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।