প্রতীকী ছবি
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে একটি সুপারি গাছে ওঠেন আবুল বাশার। সুপারি পাড়ার জন্য মই বেয়ে গাছে উঠে জিআই পাইপের মাথায় লাগানো কাঁচি দিয়ে সুপারির কাঁদি কাটছিলেন তিনি। এ সময় হাত ফসকে পাইপটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে যায়। এতে গাছটি বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দক্ষিণ জোলাগাতী গ্রামে সুপারি গাছে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
