নাগারবিল এলাকায় বিজিবির অভিযান, ব্যাগ ফেলে পালানোর চেষ্টা; উদ্ধার ৩২টি স্বর্ণের বার
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। বিজিবির হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির ৬ ব্যাটালিয়ন।
আটক ব্যক্তিরা হলেন—মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মৃত আবুবক্করের ছেলে আসাদুল ইসলাম (৫০) এবং একই এলাকার জুয়েল রানা (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, নাজিরাকোনা বিওপির হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নাগারবিল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাঁদের থামার নির্দেশ দেন বিজিবি সদস্যরা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।
এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।
রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হোসেন।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
