রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাত ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকেরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধের কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে পুলিশ ও বিজিবির সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে সকাল সাড়ে আটটা থেকে কালিয়াকৈরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সকাল থেকে কালিয়াকৈরের সফিপুর, পল্লীবিদ্যুৎ, মৌচাক ও চন্দ্রা এবং গাজীপুর মহানগরের খাড়াজোড়া ও কোনাবাড়ী এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে আশপাশের ৮ থেকে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন। পরে সেখান থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে হাজারো শ্রমিক লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় আনসার একাডেমি এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পল্লীবিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকের একটি শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি স্থানে দোকান ও যানবাহনে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরের পর পুলিশ ও বিজিবির কয়েক প্লাটুন সদস্য মহাসড়কে অবস্থান নেন। বিভিন্ন স্থানে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কত নির্ধারণ করা হবে, তা জানানো হয়নি। তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করেছে। কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে সফিপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পল্লীবিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকের শাখা ভাঙচুরের তথ্যও পাওয়া গেছে।

পুলিশ ও বিজিবির সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।