চাঁদা না পেয়ে হুমকি, ১৯ দিন বন্ধ থাকার পর চালু হয়েছিল চয়নিকা ফার্মেসি। ফের আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা। গুলির ঘটনার পর আবারও ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
খুলনা নগরের টুটপাড়া এলাকায় চাঁদা দাবির হুমকিতে ১৯ দিন বন্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় আবার চালু হয়েছিল চয়নিকা ফার্মেসি। কিন্তু সেই নিরাপত্তার মধ্যেই ফের হামলার ঘটনা ঘটেছে। ফার্মেসিটি পুনরায় খোলার মাত্র ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় সেখানে ঢুকে মালিকের ছেলেকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম জারিফুজ্জামান জারিফ (৩২)। তিনি চয়নিকা ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় নগরের টুটপাড়া সেন্ট্রাল রোড মোড়ে অবস্থিত ফার্মেসির ভেতরে এ ঘটনা ঘটে। আহত জারিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তার শঙ্কায় আবারও ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ফার্মেসির কর্মচারীরা জানান, ঘটনার সময় জারিফ ফার্মেসির ভেতরে বসে ছিলেন। সন্ধ্যার দিকে এক ব্যক্তি হেঁটে এসে কাউন্টারের সামনে দাঁড়ান। একপর্যায়ে জারিফের পা লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। গুলিটি জারিফের বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছেন। কারা এবং কী কারণে এ গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
চাঁদার হুমকিতে ১৯ দিন বন্ধ ছিল ফার্মেসি
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মোটা অঙ্কের চাঁদা দাবি করে হুমকি দেওয়ার পর চয়নিকা ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। টানা ১৯ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় আবারও ফার্মেসিটি চালু করা হয়। কিন্তু পুনরায় চালুর মাত্র ১৩ দিনের মাথায় গুলির ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
খুলনায় বাড়ছে গুলি ও সহিংসতার ঘটনা
এদিকে খুলনায় সাম্প্রতিক সময়ে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ১১ মাসে নগর ও জেলায় ৮১ জন খুন হয়েছেন। গুলি ও ধারালো অস্ত্র দিয়ে জখমের ঘটনা ঘটেছে শতাধিক। শুধু নভেম্বর মাসেই নগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৮টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। এ ছাড়া চাঁদার দাবিতে ছয়টি প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
পুলিশের নিরাপত্তায় পুনরায় চালু হওয়া একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মাত্র ১৩ দিনের ব্যবধানে গুলির ঘটনা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
