বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ কর্মকর্তাকে ফোনে রায়হানের দম্ভোক্তি, ‘আমাকে খুঁজে পাবেন না’

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

১০ মিনিটের কথোপকথনে আত্মসমর্পণের আহ্বান পুলিশের, উল্টো চ্যালেঞ্জ সন্ত্রাসীর। ৯ মিনিট ৫২ সেকেন্ডের অডিও ফেসবুকে প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজকে ফোন করে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। প্রায় ১০ মিনিটের ফোনালাপে পুলিশ কর্মকর্তা তাঁকে নিরাপত্তার আশ্বাস দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানালেও তাতে সাড়া দেননি রায়হান। উল্টো আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, পুলিশ তাঁকে খুঁজে পাবে না।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রকাশিত অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। এ সময় তিনি নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, রায়হানের বিরুদ্ধে আগে যেসব মামলা রয়েছে, সেগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না।

একপর্যায়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’

তবে পুলিশের এই আশ্বাসের পরও আত্মসমর্পণের বিষয়ে স্পষ্ট সম্মতি দেননি রায়হান। বরং অতীতের একটি ঘটনার কথা তুলে ধরে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

রায়হান দাবি করেন, এর আগেও তিনি আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি আগেই ফাঁস হয়ে যায়। এরপর তাঁকে নিয়ে ঝামেলা তৈরি হয় এবং তাঁর ভাই তাঁর কাছ থেকে সব অস্ত্র নিয়ে নেন।

ফোনালাপে নিজের অবস্থান গোপন রাখার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী শোনায় রায়হানকে। তিনি দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখলেও তাঁকে খুঁজে পাওয়া সম্ভব নয়। এমনকি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করার প্রসঙ্গও পুলিশ কর্মকর্তার সামনে তোলেন তিনি।

আরও দাবি করেন, পুলিশের অভিযান চলাকালে তাঁদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে ‘হাওয়া হয়ে গেছেন’, তা নিয়েও কথোপকথনে মন্তব্য করেন তিনি।

ফোনালাপের একপর্যায়ে রায়হানকে রসিকতার সুরে ‘ক্রিম মেখে সুন্দর’ হওয়ার কথা বলতে শোনা যায়। এ সময় পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের খোঁজখবরও নেন তিনি। পুরো কথোপকথনে আত্মসমর্পণের বিষয়ে পুলিশের অনুরোধের বিপরীতে রায়হানের অনীহা ও নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসের বিষয়টি উঠে আসে।

১৫ মামলার আসামি রায়হান

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগরী ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, দাবি অনুযায়ী চাঁদা না পেলে তাঁর সহযোগীরা বিভিন্ন স্থানে গুলি চালান। এমন একজন তালিকাভুক্ত সন্ত্রাসীর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কথোপকথন এবং সেখানে আত্মসমর্পণের আহ্বানের বিপরীতে রায়হানের পাল্টা চ্যালেঞ্জ এখন আলোচনায় এসেছে।

প্রকাশিত অডিওর বক্তব্য ও অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।