ভাতখৈর সীমান্তে রাতভর অভিযান, মালিকবিহীন অবস্থায় উদ্ধার ২ হাজার পিস টেনসিউইন ট্যাবলেট। ফাইল ছবি
দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দিনাজপুর জেলার ভাতখৈর নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
