আদালতে মামলা চলমান থাকা জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ; দা-শাবল নিয়ে হামলার দাবি স্বজনদের, গ্রেপ্তারের চেষ্টা পুলিশের। ফাইল ছবি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তহুরা খাতুন (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের দুই ছেলে রমজান মহলদার ও হানিফ মহলদার গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে গ্রামের বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে প্রতিপক্ষের লোকজন সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় রমজান মহলদার, হানিফ মহলদার ও তাদের মা তহুরা খাতুন কাজে বাধা দেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় তহুরা খাতুন (৫৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত দুই ছেলে রমজান ও হানিফকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের নাতি হাসিবুল অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইসলাম মহলদার (৬৫), জানদার মহলদার, হোসেন মহলদার, শরিফুল, জহিরুল ও জাহিদসহ আরও কয়েকজন তার দাদির ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এ সময় তার দুই চাচাও গুরুতর আহত হন।
এদিকে, হত্যাকাণ্ডের পর সোনাপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তহুরা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
