বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি মিলল বাদলের হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে কারাবন্দি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বাদল ফরাজী

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি বাদল ফরাজি ১৮ বছর পর মঙ্গলবার সকালে প্যারোলে মুক্তি পেয়েছেন। ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলায় ফেঁসে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন বাংলাদেশি এই নাগরিক। অসুস্থ মাকে দেখার জন্য অবশেষে চার সপ্তাহের জন্য বাদলের এই মুক্তি মিলল। মুক্তির পরপরই তাকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশের সঙ্গে নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা দেন তিনি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েন বাদল। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে আনা হয়। এর পর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি আছেন তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, বাদল ফরাজিকে মুক্তি দেওয়া হয়েছে প্যারোল-সংক্রান্ত নীতিমালার ১-এর খ অনুযায়ী। সেখানে সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তির সুযোগের কথা বলা হয়েছে। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তির পর তাকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশনা আছে।

বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, প্যারোল নীতিমালা ২০১৬-এর বাইরে গিয়ে মানবিক কারণে ১২ ঘণ্টার বদলে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। এটি ভবিষ্যতে বন্দিদের জীবনমান উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।

এর আগে গতকাল সোমবার বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়া বাস্তবায়নে পুলিশি পাহারা চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে চিঠি দেয় মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির পক্ষ থেকে তাকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে তার প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। এর পর প্রশাসনিক প্রক্রিয়ায় তাঁর মুক্তির ব্যবস্থা করা হয়।

২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামে এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামে এক ব্যক্তিকে খুঁজছিল। তিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।

হত্যার দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।