দ্বিতীয় দফার পরীক্ষায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ, প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ে চলছে বিশ্লেষণ। পারমাণবিক বিদ্যুতের সক্ষমতা পরীক্ষায় অগ্রগতি, ৩০ ঘণ্টা সচল ছিল রূপপুরের প্রথম ইউনিট। ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় মোট ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি। দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন প্রকল্পসংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে তা প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকে।
প্রকল্পসংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় দফায় দীর্ঘ সময় ধরে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারা কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। একই সঙ্গে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
এদিকে দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময় সংগৃহীত বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তিনি বলেন, এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।
দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সক্ষমতা যাচাইয়ে আরও এক ধাপ অগ্রগতি হলো। এখন পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী পরিচালন কার্যক্রমের দিকে এগোবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
